বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী বক্তব্য দিয়ে পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, বাংলাদেশে হিন্দু নির্যাতনের ভুয়া গল্প ছড়িয়ে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে ভারতের উগ্রবাদী হিন্দু সংগঠনগুলো।
সোমবার (২৩ নভেম্বর) দলটির পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ভারতের দক্ষিণ বনগাঁর বিধায়ক স্বপন মজুমদার বাংলাদেশের অস্তিত্ব থাকবে না বলে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করেছেন। শেখ হাসিনা পেট্রাপোল বন্দর দিয়ে বাংলাদেশে ফিরে যাবেন বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি বাংলাদেশের গণ-অভ্যুত্থানকে বিদেশি শক্তির ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করে দেশের নির্বাচিত সরকারকে অবৈধ বলেছেন ওই বিধায়ক।
এনসিপি মনে করে, ভারত রাষ্ট্রের ‘গ্রিন সিগন্যাল’ বা প্রত্যক্ষ মদদ পেয়েই ওই বিধায়ক একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের বিরুদ্ধে এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার সাহস দেখিয়েছেন। বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, পতিত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের ওপর নিজেরাই নির্যাতন চালিয়ে তা ভারতের কাছে তুলে ধরছে, যাতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ তৈরি হয়। এ ধরনের কর্মকাণ্ড ও ভারতীয় নেতাদের উসকানিমূলক বক্তব্য বাংলাদেশের জনগণ, চলমান গণতান্ত্রিক প্রক্রিয়া এবং দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত।
বিবৃতিতে উল্লেখ করা হয়, এনসিপি দৃঢ়ভাবে বিশ্বাস করে, বাংলাদেশের মুক্তিকামী ও সার্বভৌমত্বকামী জনগণ অতীতের মতোই ঐক্যবদ্ধভাবে সব বহিরাগত হুমকি ও ষড়যন্ত্র মোকাবিলা করবে।
একই সঙ্গে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে দলটি বলেছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত অবিলম্বে এ ঘটনার বিরুদ্ধে কঠোর কূটনৈতিক পদক্ষেপ নেওয়া, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে তলব করে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো এবং আন্তর্জাতিক মহলে ভারতের হস্তক্ষেপমূলক ও সার্বভৌমত্ববিরোধী তৎপরতার বিষয়টি তুলে ধরা।
বাংলা৭১নিউজ/আরএইচ



























