চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম পর্বের পুনঃভর্তিযোগ্য শিক্ষার্থীদের পুনর্ভর্তির সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। আগামী ২৩ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত কোনো জরিমানা ছাড়াই পুনর্ভর্তি হওয়া যাবে। ২৭ নভেম্বর থেকে জরিমানাসহ পুনর্ভর্তি করতে হবে।
সোমবার (২৩ নভেম্বর) বোর্ড থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের পুনঃভর্তিযোগ্য শিক্ষার্থীদের কয়েকটি ধাপ অনুসরণ করে পুনর্ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথমে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানকে বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে (https://103.23.41.227:35007/) প্রবেশ করে ‘অ্যাড রেকর্ড’ অপশনে যেতে হবে। সেখান থেকে পুনঃভর্তিযোগ্য শিক্ষার্থীদের নির্বাচন করতে হবে। এরপর প্রতিষ্ঠানের অধ্যক্ষ নির্বাচিত শিক্ষার্থীদের পুনর্ভর্তির আবেদন অনুমোদন করবেন। অধ্যক্ষের অনুমোদনের পর বোর্ডের পরিচালক (কারিকুলাম) পুনর্ভর্তির বিষয়টি অনুমোদন করবেন।
বোর্ডের পরিচালকের অনুমোদন পাওয়ার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পুনর্ভর্তি ফি জমা দিতে পারবে। এসব ধাপ যথাযথভাবে অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে পুনর্ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।
বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী অনিমেশ পালের স্বাক্ষর করা এ বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এ নির্দেশনা অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ


























