প্রবাসের আয়েই চলে ফেনীর অসংখ্য পরিবারের সংসার। জীবিকার সন্ধানে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছেন এ জেলার লাখো মানুষ। দেশের রেমিট্যান্স পাঠানো শীর্ষস্থানীয় জেলাগুলোর মধ্যেও রয়েছে ফেনী। প্রবাসীদের পাঠানো অর্থে সচল থাকে এখানকার বহু পরিবারের জীবন-জীবিকা, বেঁচে থাকে স্বচ্ছলতার স্বপ্ন। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ সেই স্বপ্নে অনিশ্চয়তার ছায়া ফেলছে।
কমছে বিদেশযাত্রা, বাড়ছে উদ্বেগ। চলতি বছরের সেপ্টেম্বরে ফেনী থেকে কর্মসংস্থানের উদ্দেশে বিদেশে গিয়েছিলেন ৮৪১ জন। অক্টোবরে এ সংখ্যা কমে দাঁড়িয়েছে ৭৬৮ জনে। এক মাসের ব্যবধানে বিদেশগামী কর্মীর সংখ্যা কমেছে ৭৩ জন।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস সূত্রে জানা গেছে, ২০০৫ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ফেনী থেকে কর্মসংস্থানের উদ্দেশে বিদেশে গেছেন ৩ লাখ ৫৭ হাজার ৭৯৭ জন। তারমধ্যে চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিদেশে গেছেন ৯ হাজার ৭৯৫ জন। এর আগে ২০২৫ সালে বিদেশে গেছেন ১৫ হাজার ৩৭১ জন। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১৫ হাজার ৪০০ এবং ২০২৩ সালে ২২ হাজার ৮১৫ জন।
পরিসংখ্যান অনুযায়ী, বছরের ব্যবধানে বিদেশযাত্রার ধারায়ও দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতা। সর্বশেষ গত বছরের তুলনায় চলতি বছরের মাসিক গড়েও কমেছে প্রায় ২৩ দশমিক ৫ শতাংশ।
এদিকে মধ্যপ্রাচ্যে কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি দেশে ফিরে আসা প্রবাসীদের অনেকেই নতুন করে জীবিকা খুঁজছেন। সৌদি আরব ফেরত প্রবাসী নুর নবী জানান, প্রায় ১৮ বছর ধরে প্রবাসে কর্মরত ছিলেন। তিন মাস আগে কোম্পানি তাকে দেশে ফেরত পাঠিয়েছে। দেশে ফিরে শহরের পেট্রোবাংলা সড়কে প্রবাসী মেটাল নামে একটি ব্যবসা পরিচালনা করছেন।
সৌদি প্রবাসী মো. শাহজাহান বলেন, ইরান-আমেরিকা যুদ্ধের কারণে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশি প্রবাসীরা অনেক কষ্টে রয়েছেন। ফেনীর প্রতিটি বাড়িতে তিন থেকে চারজন করে প্রবাসী মধ্যপ্রাচ্যে কাজ করেন। এই অল্প সময়ের ব্যবধানে অনেকে বিভিন্ন দেশ থেকে দেশে ফিরে এসেছেন, আবার অনেকে সেখানে থেকে কষ্টে দিনাতিপাত করছে।
কুয়েত প্রবাসী আফজলের রহমান বলেন, ছয় মাস ধরে বেতন পাচ্ছি না। সেখানে কষ্টের কারণে চলতি বছরের মে মাসে দেশে ফিরে আসি। বর্তমানে ফেনীতে একটি দোকান খুঁজে নতুন করে কিছু করার চেষ্টা করছি।
সৌদি প্রবাসী মো. কামাল উদ্দিন জানান, তিনি সৌদিতে গাড়ি চালাতেন। হঠাৎ করে মালিকপক্ষ তাকে দেশে পাঠিয়ে দিয়েছে। দেশে ফিরে তিনি একটি সিএনজি অটোরিকশা কিনে চালাচ্ছেন।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. দিদার মিয়া ঢাকা পোস্টকে বলেন, ফেনীর প্রবাসীদের সংখ্যা কাতার, কুয়েত ও সৌদি আরবে বেশি। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে প্রবাসে যাওয়ার সংখ্যা কমেছে। ওমানে ভিসা বন্ধ থাকার কারণেও জনবল যেতে পারছে না।
তিনি বলেন, নভেম্বর-ডিসেম্বরের দিকে প্রবাসে যাওয়ার সংখ্যা কমে, মার্চ মাসের দিকে এ সংখ্যা বেড়ে যায়। প্রবাসে গিয়ে কাজ বা আকামা না পাওয়া, রিক্রুটিং এজেন্সির প্রতারণার শিকার হয়েছে তাদেরকেও আমরাও সহযোগিতা করি। গত অক্টোবরে ২০০ জন প্রবাসগামী ব্যক্তিকে পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপদ অভিবাসনের জন্য ৩০ জন বিদেশগামী কর্মীর তথ্য সংরক্ষণ ও যাচাই করা হয়েছে। এ ছাড়া বিদেশ ফেরত পাঁচজন অসুস্থ প্রবাসীকে আর্থিক সাহায্যের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের এই কর্মকর্তা আরও বলেন, বিদেশে অবস্থানরত প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল গঠন করা হয়েছে। এ সেলের মাধ্যমে যে কোনো প্রবাসী তাদের সমস্যা ইমেইল ঠিকানায় সরাসরি পাঠাতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত বিদেশ যেতে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়ার মাথিয়ারায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিয়েছেন ১২ হাজার ৫০০ কর্মী।
ফেনী প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মাসুদ পারভেজ বলেন, প্রবাসী কর্মী ও তাদের পরিবারের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড গঠন করা হয়েছে। বিদেশফেরত যে কোনো প্রবাসী এখানে সহযোগিতা পাবেন। বিদেশফেরত আহত বা অসুস্থ কর্মীকে বিমানবন্দর থেকে অ্যাম্বুলেন্স সেবা পাবেন। প্রবাসে মৃত্যু হলে পরিবারকে এককালীন ৩ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে।
তিনি আরও বলেন, প্রবাসী অসুস্থ হলে চিকিৎসার জন্য ২ লাখ টাকা আর্থিক সহযোগিতা পাবেন প্রবাসীরা। প্রবাসীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি ও শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে সহযোগিতা করা হয়। প্রবাসী পরিবারের সদস্যদের প্রশিক্ষণ ও ব্যবসা করতে নির্বাচিত ৩০০ পরিবারকে এককালীন ১ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
দরিদ্র হবে মানুষ, বাড়বে সামাজিক অস্থিরতা
ফেনীর বহু পরিবারের সচ্ছলতার পেছনে রয়েছে প্রবাসীদের পাঠানো অর্থ। সেই অর্থে চলে সংসার, সন্তানদের পড়াশোনা, গড়ে ওঠে বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠান। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিদেশগমন ও কর্মসংস্থানের সুযোগ কমে গেলে শুধু রেমিট্যান্স প্রবাহই নয়, চাপে পড়বে জেলার সামগ্রিক অর্থনীতি। বাড়তে পারে বেকারত্ব, দারিদ্র্য ও সামাজিক অস্থিরতা-এমন আশঙ্কা করছেন অর্থনীতিবিদ ও ফেনী ইউনিভার্সিটির সাবেক ট্রেজারার প্রফেসর তায়বুল হক। তার মতে, প্রবাসী আয়ের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প কর্মসংস্থান তৈরিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া জরুরি।
প্রফেসর তায়বুল হক ঢাকা পোস্টকে বলেন, রেমিট্যান্স ও বিদেশগমনের ক্ষেত্রে ফেনী একসময় এক-দুই নম্বর পর্যন্ত পৌঁছেছিল। প্রবাসে যাওয়ার সংখ্যা যদি কমে যায়, তাহলে রেমিট্যান্স আসার প্রবণতাও কমে যাবে। এতে পরিবার থেকে শুরু করে জীবনযাত্রার মান, সন্তানদের শিক্ষাসহ বিভিন্ন দিক থেকে প্রভাব পড়বে। একদিকে তাদের খরচের পরিমাণ যেমন কমে যাবে, বিপরীতে একটি পক্ষের আয়ের পরিমাণও কমবে। মানুষ যে অবস্থানে রয়েছে, সেখান থেকে আরও দরিদ্র হয়ে যাবে। সামগ্রিকভাবে জেলার অর্থনীতিও নিম্নমুখী হবে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্য থেকে প্রবাসীদের চাকরি হারিয়ে দেশে ফিরে আসার প্রবণতা বাড়লে স্থানীয় শ্রমবাজারে চাপ বাড়বে। বেকার হওয়া লোকজন অন্যত্র কর্মসংস্থান করতে না পারলে তাদের জীবন দুর্বিষহ হওয়ার পাশাপাশি অপরাধমূলক কাজেও জড়িয়ে যেতে পারে। এতে সমাজে চুরি-ডাকাতি, মারামারিসহ সামাজিক অশান্তি নেমে আসবে।
এই অর্থনীতিবিদ আরও বলেন, প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল ফেনীর মতো জেলাগুলোর অর্থনৈতিক ঝুঁকি কমাতে কাঠামোগত পরিকল্পনা নেওয়া প্রয়োজন। আর্থসামাজিক অবস্থা বিবেচনায় এই জেলায় নতুন কোনো বিশেষ প্রকল্প গ্রহণ করাও সম্ভব নয়। এ ছাড়া দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা তেমন ভালো নয়। নতুন করে কোনো বিনিয়োগও হচ্ছে না। এই অবস্থায় অঞ্চলভিত্তিক ক্ষুদ্র শিল্প, উন্নত প্রযুক্তি নিয়ে তাঁতশিল্প গড়ে তোলা যায়। তবে এ অঞ্চলের মানুষের মধ্যপ্রাচ্যনির্ভর কর্মসংস্থানের কারণে সেটিও চ্যালেঞ্জিং হবে। এ ছাড়া মধ্যপ্রাচ্য ব্যতীত অন্যান্য দেশে যাওয়ার ক্ষেত্র বিকল্প হিসেবে গুরুত্ব দিতে হবে। তবুও এগুলো খুব স্বল্পমেয়াদি। দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বিকল্প কর্মসংস্থান তৈরিতে বেশি বেশি গুরুত্ব দিতে হবে।
বিকল্প শ্রমবাজারের অনুসন্ধানে সরকারের উদ্যোগ প্রয়োজন
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব শুধু বাংলাদেশের বিদেশগামী কর্মীদের ওপর নয়, আগে থেকে কর্মরত প্রবাসীদের চাকরি ও কর্মসংস্থানেও প্রভাব পড়েছে। বিশেষ করে আকামা ও চাকরির চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তায় নতুন কর্মী পাঠানোর পাশাপাশি বিদ্যমান শ্রমিকদের কর্মসংস্থান ধরে রাখাও কঠিন হয়ে উঠেছে। এ পরিস্থিতিতে প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করা, সংকট মোকাবিলায় কূটনৈতিক যোগাযোগ জোরদার এবং মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প শ্রমবাজার অনুসন্ধানে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এজিএম নিয়াজ উদ্দিন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, কাতার, বাহরাইনসহ বিভিন্ন দেশে বাংলাদেশের বিপুলসংখ্যক শ্রমজীবী মানুষ কর্মরত রয়েছেন। এসব দেশ বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও নিরাপত্তাঝুঁকির কারণে বাংলাদেশ সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে আমাদের শ্রমবাজার ও রেমিট্যান্স খাতে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটছে। এর ফলে ওই দেশগুলোতে নিরাপত্তাঝুঁকি তৈরি হয়েছে। একইসঙ্গে বাংলাদেশের যেসব কর্মী নিয়মিত এসব দেশে যাওয়ার সুযোগ পেতেন, তাদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হচ্ছে। সেখানে আগে থেকে কর্মরত অনেক শ্রমিকও চাকরি হারানোর শঙ্কায় রয়েছেন। বিশেষ করে আকামা ও চাকরির চুক্তি নবায়নের ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হচ্ছে। ফলে নতুন করে কর্মী পাঠানো এবং বিদ্যমান কর্মীদের কর্মসংস্থান ধরে রাখা-দুই ক্ষেত্রেই বাংলাদেশ চ্যালেঞ্জের মুখে পড়ছে।
এ পরিস্থিতিতে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখে। আমরা তাদের পাঠানো রেমিট্যান্স সাদরে গ্রহণ করছি, কিন্তু যারা এই রেমিট্যান্স পাঠাচ্ছেন, তাদের নিরাপত্তা ও কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়ার বিষয়টিও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোর মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করতে হবে। সেখানে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, যারা আকামা বা চাকরির চুক্তি নবায়ন নিয়ে সংকটে পড়েছেন, তাদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া এবং যাদের কর্মসংস্থান ঝুঁকির মুখে রয়েছে, তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে নতুন ও বিকল্প শ্রমবাজার অনুসন্ধানেও সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।
এজিএম নিয়াজ উদ্দিন বলেন, এ সংকট নিরসনে বাংলাদেশের কূটনৈতিক উদ্যোগ নেওয়ারও সুযোগ রয়েছে। বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এই অবস্থানকে কাজে লাগিয়ে বাংলাদেশ যুদ্ধ ও সংঘাত নিরুৎসাহিত করা, স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতা তৈরিতে আন্তর্জাতিক পর্যায়ে ভূমিকা রাখতে পারে। জাতিসংঘসহ অন্যান্য দেশের সহযোগিতা নিয়ে যুদ্ধ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বাংলা৭১নিউজ/আরএইচ

























