ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ কোটি টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
এ মামলায় তার স্ত্রী রুকমীলা জামানসহ আরো ১৬ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় ঘোষণা করেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি মোকাররম হোসাইন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় ৩৬ আসামির মধ্যে ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাজা দেওয়া হয়েছে।
সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ না থাকায় বাকি ১৯ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
জাবেদ ছাড়া অন্য সাজাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান ও জাবেদের স্ত্রী রুকমীলা জামান, মোহাম্মদ একরাম উল্লাহ, আবদুল হামিদ চৌধুরী, মোহাম্মদ মিছবাহুল আলম, আবদুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোছাইন চৌধুরী, ইয়াছিনুর রহমান, ইউছুফ চৌধুরী, সাইফুল ইসলাম, বজল আহমেদ বাবুল, এম এ সবুর, ব্যাংকের সাবেক পরিচালক বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, শাহ আলম এবং এজিএম উৎপল পাল।
অভিযোগপত্রে বলা হয়েছে, আরামিট গ্রুপের প্রটোকল অফিসার ফরমান উল্লাহ চৌধুরীকে কাগুজে প্রতিষ্ঠান ভিশন ট্রেডিংয়ের মালিক সাজানো হয়। এর মাধ্যমে ইউসিবি থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন করানো হয়।
পরে ওই অর্থ তুলে নিয়ে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করা হয় এবং সেখানে সম্পত্তি কেনা হয় বলে অভিযোগ আনা হয়। অভিযোগপত্র অনুযায়ী, ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এসব ঘটনা ঘটে।
রায়ের আগে রবিবার সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে মামলার সাক্ষ্যগ্রহণ ও আসামিপক্ষের জেরা শেষ হয়। মোট ৫৫ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয় এ মামলায়।
বাংলা৭১নিউজ/আরএইচ























