নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকে ঢাকা ও চট্টগ্রামগামী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহনমালিকেরা।
বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার পরে বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ড থেকে ঢাকা ও চট্টগ্রামগামী কোনো বাস ছেড়ে যাইনি। তবে বাগেরহাট থেকে খুলনাসহ অভ্যন্তরীণ যে স্থানীয় রুট রয়েছে সেসব রুটের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকাগামী দোলা পরিবহনের টিকিট বিক্রেতা রাসেল বলেন, সবশেষ সকাল সাড়ে ১০টায় বাস ছেড়ে গেছে। এরপর থেকে আর বাস ছাড়া হয়নি।
দূরপাল্লার বাসের আরেক টিকিট বিক্রেতা জাহিদুল ইসলাম জানান, নিরাপত্তাজনিত কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামীকালও (বৃহস্পতিবার) যদি পরিস্থিতি ভালো না হয় তাহলে বাস ছাড়া হবে না। হঠাৎ করে দূরপাল্লার বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি পরিবহনের এক সুপারভাইজার বলেন, গোপালগঞ্জের অবস্থা ভালো না। গাড়িতে আগুন দিতে পারে, এজন্যই মূলত বাস ছাড়া হচ্ছে না। গাড়ি ও যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাগেরহাট বাস মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফকির জানান, দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও খুলনা-বাগেরহাট বাগেরহাট-পিরোজপুর, বাগেরহাট-শরণখোলা বাস চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার যেসব বাস রয়েছে এগুলোর মালিক ও চলাচলের পদ্ধতি সম্পন্ন আলাদা। তাদের পরিবহন চলাচল এবং বন্ধ করার বিষয়ে তারাই এককভাবে সিদ্ধান্ত নেন।
বাংলা৭১নিউজ/জেএস





















