ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুককে কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুনানি শেষে জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।
এ দিন তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর রাজধানীর সূত্রাপুর থানার বিস্ফোরক আইনের মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন সূত্রাপুর থানার উপপরিদর্শক অনুপম দাস। এ সময় আসামিপক্ষের আইনজীবী ওবায়দুল ইসলাম জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে তাকে সূত্রাপুর থানাধীন ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৯ নভেম্বর সন্ধ্যা ৫টা ২০ মিনিটের দিকে ঢাকার সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অজ্ঞাতনামা ২৫/৩০ জন আসামি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেলে পালানোর চেষ্টা করে।
এ সময় সিএমএম আদালতের প্রধান ফটকের সামনে ডিউটিরত পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় দুজনকে গ্রেপ্তার করা হয়।
তবে অন্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ১০ নভেম্বর পুলিশ বাদী হয়ে সূত্রাপুর থানায় মামলা করে।
বাংলা৭১নিউজ/আরএইচ




























