সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে শুক্রবার ওয়াশিংটনে বৈঠক করেছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক রোমান গোফম্যান এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর পরিচালক জন র্যাটক্লিফ। বিষয়টি সম্পর্কে অবগত তিনটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি।
একটি সূত্র জানিয়েছে, ওয়াশিংটনের বৈঠক শেষে গোফম্যান মায়ামিতে যাবেন। সেখানে তিনি হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠক করবেন। তবে এ বিষয়ে মোসাদ, সিআইএ ও হোয়াইট হাউসের কাছে জানতে চাওয়া হলে কোনো পক্ষই মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে অ্যাক্সিওস।
চ্যানেল ১২ নিউজের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন ‘ইয়াশার’ দলের প্রধান গাডি আইজেনকোট।
তবে ওই বৈঠকে মোসাদপ্রধান রোমান গোফম্যানের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে তাকে কিছু জানানো হয়নি।
এদিকে নেতানিয়াহু যখন ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রাজি করানোর চেষ্টা করছেন, ঠিক সেই সময়ই গোফম্যানের যুক্তরাষ্ট্র সফরের খবর সামনে এসেছে।
ট্রাম্প প্রকাশ্যে জানিয়েছেন, ইরানের ওপর নতুন করে সামরিক হামলার সম্ভাবনা কম। তার মতে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ এবং তেহরানের বন্দরগুলো অবরুদ্ধ রেখে দেশটির ওপর চাপ সৃষ্টি করাই বেশি কার্যকর কৌশল।
তবে তিনি এও জানিয়েছেন, পরিস্থিতির প্রয়োজনে যুক্তরাষ্ট্র আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে।
আইজেনকোটের নেতৃত্বাধীন জোটের জ্যেষ্ঠ নেতারা শুক্রবার চ্যানেল ১৩ নিউজকে জানিয়েছেন, নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে নেতানিয়াহু গাডি আইজেনকোটকে ইরানে অবিলম্বে হামলা চালানোর প্রয়োজনীয়তা বোঝাতে পারেননি।
ব্রিফিংয়ের পর শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আইজেনকোট বলেন, ইসরায়েলের নিরাপত্তাকে ব্যবহার করে কেউ যাতে রাজনৈতিক ফায়দা লুটতে না পারে, তা নিশ্চিত করতে নেতানিয়াহুর সরকারের ওপর কঠোর নজরদারি রাখা প্রয়োজন।
বাংলা৭১নিউজ/আরএইচ


























