ঢাকার ধানমন্ডি ২৭ নম্বরের কনকর্ড টাওয়ারে অবস্থিত ‘কয়লা রেস্টুরেন্ট অ্যান্ড বার’এর সামনে ছাত্রদলের নেতা-কর্মীদের মারধরের মামলায় ওই বারের ব্যবস্থাপক, বাউন্সারসহ মোট ১১ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৩) নভেম্বর তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান এতথ্য নিশ্চিত করেন।
কারাগারে যাওয়া আসামিরা হলেন—৩১ নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহাম্মেদ মোল্লা ওরফে রাজা, যুবলীগ কর্মী আকবর হোসেন, সুমন মিয়া, জসিম খান, শাহাদাত ইসলাম, রফিকুল ইসলাম, জাহিদুল ইসলাম, শিপন, মাহবুব, কাইয়ুম ও রাকিবুল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই উক্যমং রাখাইন আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। রাজা ও আকবর ব্যতীত অপর ৯ আসামির পক্ষে তাদের আইনজীবী সালাউদ্দিন নিয়াজী জামিন চেয়ে আবেদন করেন।
শুনানিতে তিনি বলেন, ‘আসামিরা কয়লা রেস্টুরেন্ট অ্যান্ড বারের স্টাফ। রাজনীতির সঙ্গে জড়িত নয়।’
মামলাটা মেকিং দাবি করে সালাউদ্দিন নিয়াজী বলেন, ‘আজ ১৩ নভেম্বর, অথচ আসামিদের কারাগারে আটক রাখার আবেদনে লেখা হয়েছে ১২ নভেম্বর। এতেই বোঝা যায়, মামলাটা মেকিং।
আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নাই, রিমান্ড আবেদন নাই। তাদের জামিন প্রার্থণা করছি।’
শুনানি নিয়ে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়ে জামিন বিষয়ে অধিকতর শুনানির দিন রবিবার রেখেছেন।
মামলার অভিযোগে বলা হয়, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহসভাপতি মোতাহার হোসেন নিলয়, মোহাম্মদপুর থানা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক এস. কে সজীব, ছাত্রদল কর্মী আকাশসহ আরো অনেকে মিলে বুধবার ধানমন্ডি কাবাব ঘর থেকে তানভীর আহম্মেদ মোল্লা ও আকবর হোসেনকে আটক করে নিয়ে যাচ্ছিল।
পথিমধ্যে রাত সাড়ে ৮ টার দিকে মোহাম্মদপুর থানার ধানমন্ডি-১৭ এর ঢাকা ব্যাংকের নিচে আসলে সুমন মিয়ার হুকুমে অন্য আসামিসহ অজ্ঞাতনামা ৩০-৪০ জন তাদের হাতে থাকা বেতের লাঠি, লোহার রড ও হক স্টিক দিয়ে তাদের হত্যার উদ্দেশ্যে এলেপাথাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থান জখম করে।
তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসে ও সংবাদ পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ আসে। পরে পুলিশ ও জনতা মিলে ১১ জনকে আটক করলে অন্য আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় মোতাহার হোসেন বৃহস্পতিবার মোহাম্মদপুর থানায় মামলা করেন।
বাংলা৭১নিউজ/আরএইচ





















