ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কমিটি নিয়ে বিরোধের জেরে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলা সদরের সড়কবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে আখাউড়া উপজেলা বিএনপি ও স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয়ও ভাঙচুর করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি আখাউড়া উপজেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হয়েছেন মোবারক হোসেন এবং সাধারণ সম্পাদক জাকারিয়া আহমেদ৷ তারা দুইজনই জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূঁইয়ার অনুসারী। শুক্রবার বিকেলে নবগঠিত কমিটি আনন্দ মিছিল বের করে। মিছিলটি সড়কবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম রিফাতের নেতৃত্বে পদবঞ্চিত নেতারা প্রতিবাদ মিছিল নিয়ে আসে৷ তারা ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত। এ সময় উভয় পক্ষ মিছিল নিয়ে সামনাসামনি হলে উত্তেজনার একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষ চলাকালে ইটপাটকেল নিক্ষেপ এবং কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। এ ছাড়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। উপজেলা বিএনপির পাশাপাশি এটি সংসদ সদস্য মুশফিকুর রহমানের রাজনৈতিক কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয়।
আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ জানান, ছাত্রদলের দুই পক্ষ পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও প্রতিবাদ মিছিল বের করে। পরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলা৭১নিউজ/আরএইচ

























