যশোরে শিমুল হোসেন নামের এক বিএনপি নেতার বাড়ির উঠানে দুটি অবিস্ফোরিত ককটেল ও একটি চিরকুট রেখে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ককটেল ও চিরকুট উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিমুল হোসেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক। তিনি ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকও।
শিমুল হোসেন বলেন, শুক্রবার সকালে ঘর থেকে বের হয়ে তিনি বাড়ির উঠানে দুটি ককটেল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখেন।
চিরকুটে তাকে গালাগাল করে বেশি বাড়াবাড়ি করলে পথে হত্যা করার হুমকি দেওয়া হয়েছে। পরে বিষয়টি পুলিশ ও স্থানীয় বিএনপির নেতাদের অবহিত করেন তিনি।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের কর্মকর্তা ও সাজিয়ালী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ ককটেল দুটি ও চিরকুট উদ্ধার করে।
যশোর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিদর্শক মামুনুর রশীদ বলেন, এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ দল ককটেল দুটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব নয়।
এদিকে ঘটনার খবর পেয়ে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে যান। তারা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বাংলা৭১নিউজ/আরএইচ

























