ঝিনাইদহে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে সৌরভ (২৮) নামের চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী রিয়া নামের এক নারী গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ঝিনাইদহ ভেটেরিনারি কলেজসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত চুয়াডাঙ্গা পৌর ছাত্রদলের একজন সক্রিয় নেতা ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে সৌরভ ও তার বান্ধবী রিয়া মোটরসাইকেলযোগে ঝিনাইদহ ভেটেরিনারি কলেজ এলাকায় ঘুরতে আসেন। তারা ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের ভেটেরিনারি কলেজ গেটের সামনে পৌঁছালে সেখানকার একটি স্পিড ব্রেকার অতিক্রম করার সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন।
এতে দুজনই গুরুতর জখম হন।
স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী সৌরভকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাজিব চক্রবর্তী জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই সৌরভের মৃত্যু হয়।
গুরুতর আহত অপর নারী রিয়া বর্তমানে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থাও আশঙ্কাজনক।
ঝিনাইদহ থানার ওসি আসাদুজ্জামান বলেন, ‘ঘটনাস্থল ও দুর্ঘটনাকবলিত হওয়ার বিষয়টি খতিয়ে দেখছি।’
বাংলা৭১নিউজ/আরএইচ






















