ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় ১৩ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭০৯ জনে।
একই সময়ে জেলায় হামের সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৫৩৭ জনে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) জেলা সিভিল সার্জন কার্যালয়ের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, জেলায় ডেঙ্গুতে আক্রান্ত ৭০৯ জনের মধ্যে ৬৭২ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৩৭ জন।
তাদের মধ্যে জেলা সদর হাসপাতালে ১১ জন, বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জন এবং বেসরকারি হাসপাতালে ছয়জন চিকিৎসাধীন। জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
অন্যদিকে সিভিল সার্জন কার্যালয়ের ২৬ অক্টোবরের হামসংক্রান্ত প্রতিবেদনে দেখা যায়, জেলায় এ পর্যন্ত হামের সন্দেহভাজন রোগীর সংখ্যা ৪ হাজার ৫৩৭। ক্লিনিক্যালি নিশ্চিত রোগী ৭৩৮ জন এবং পরীক্ষাগারে নিশ্চিত রোগী ২৭১ জন।
হামের সন্দেহভাজন মৃত্যু হয়েছে দুজনের। তবে পরীক্ষাগারে নিশ্চিত হামে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি।
প্রতিবেদনে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো সন্দেহভাজন বা ক্লিনিক্যালি নিশ্চিত রোগী শনাক্ত হয়নি। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৩ জন এবং ছাড়পত্র পেয়েছে ৮৬ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৮৫ জন।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. মিজানুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘মার্চ থেকে হামের প্রাদুর্ভাব দেখা দেয়। এপ্রিল-মে থেকে বাড়তে থাকে ডেঙ্গু রোগীর সংখ্যা। দুটি রোগই এখন বাড়তির দিকে। সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।’
বাংলা৭১নিউজ/আরএইচ























