ই-সিগারেট বা ভেপিংয়ের অভ্যাসের কারণে নিজের কণ্ঠস্বরের ধরন বদলে গেছে বলে জানিয়েছেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ। অতিরিক্ত নিকোটিন গ্রহণের প্রভাব নিয়ে কথা বলতে গিয়ে ভক্তদের সতর্কও করেছেন তিনি।
তার মতে, নিকোটিনের আসক্তি থেকে বেরিয়ে আসা বেশ কঠিন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী এই তারকা গত রবিবার (১৮ অক্টোবর) ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে নিজের কণ্ঠস্বরের পরিবর্তন নিয়ে কথা বলেন।
ভিডিওতে সেলেনা বলেন, ‘আমার গলার স্বর আর আগের মতো ঠিক করতে পারব না। আমি প্রচুর নিকোটিন ভেপ করেছি।
ভেপিংয়ের অভ্যাস ছেড়ে দেওয়া যে সহজ নয়, সে কথাও জানিয়েছেন এই সংগীতশিল্পী। যারা নতুন করে ভেপিং শুরু করার কথা ভাবছেন, তাদের এ অভ্যাস থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
সেলেনার কথায়, ‘নিকোটিন ছেড়ে দেওয়া খুবই কঠিন। যারা নতুন ভেপ করার কথা ভাবছেন তাদের বলব, এটা মোটেও ভালো জিনিস নয়।
এটা ভীষণ বোকামির কাজ, এর কারণে আমার গলাটাই বদলে গেছে।’
নিজের কণ্ঠস্বর নিয়ে সমালোচনা হলেও তাতে আপত্তি নেই বলে জানিয়েছেন সেলেনা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আপনাদের যদি আমার এই গলা শুনতে ভালো না লাগে, তবে তা একদম স্বাভাবিক। আমার কোনও আপত্তি নেই, আপনারা চাইলে আমার গান বা কথা শুনতে না-ই পারেন।’
দীর্ঘদিন ধরে ভুগছেন লুপাসে
সেলেনা গোমেজ দীর্ঘদিন ধরে লুপাস নামের একটি জটিল রোগে ভুগছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগেও নিজের কণ্ঠস্বরের পরিবর্তনের সঙ্গে এই রোগের সম্ভাব্য প্রভাবের কথা ইঙ্গিত করেছিলেন তিনি।
গত ডিসেম্বরে ইনস্টাগ্রামে ভক্তদের প্রশ্নের জবাবে সেলেনা জানিয়েছিলেন, মাঝেমধ্যে তার কিছু অস্বাভাবিক শারীরিক সমস্যা দেখা দেয়। কখনো কখনো গলার ভেতরের অংশ ফুলে যায় বলেও উল্লেখ করেছিলেন তিনি।
২০১৭ সালে লুপাসের জটিলতার কারণে সেলেনার কিডনি প্রতিস্থাপন করতে হয়। সে সময় তার ঘনিষ্ঠ বন্ধু ফ্রান্সিয়া রাইসা নিজের একটি কিডনি দান করেছিলেন। তবে ২০২২ সালে মুক্তি পাওয়া তথ্যচিত্র ‘সেলেনা গোমেজ: মাই মাইন্ড অ্যান্ড মি’-তে অভিনেত্রী জানান, ২০২০ সাল থেকে রোগটি আবারও সক্রিয় হয়ে উঠেছিল।
তখন নিজের অসুস্থতার অভিজ্ঞতা তুলে ধরে সেলেনা বলেছিলেন, ‘আমার লুপাস ধরা পড়েছিল এবং কেমোথেরাপিও নিয়েছি। মানসিকভাবে সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে নিজেকে গুটিয়ে রেখেছিলাম।’
কী এই লুপাস?
লুপাস একটি দীর্ঘমেয়াদি অটোইমিউন রোগ। এ রোগে শরীরের রোগ প্রতিরোধব্যবস্থা ভুলবশত নিজের সুস্থ কোষ ও টিস্যুর ওপর আক্রমণ করে। এর ফলে শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গে প্রদাহ ও নানা জটিলতা দেখা দিতে পারে।
লুপাসের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে হাত-পায়ের গিঁটে ব্যথা, জ্বর, ত্বকে ফুসকুড়ি, বুকে ব্যথা, চুল পড়া, কিডনির সমস্যা ও অতিরিক্ত ক্লান্তি।
তবে সেলেনার কণ্ঠস্বরের পরিবর্তন ভেপিংয়ের কারণে হয়েছে বলে তিনি নিজেই জানিয়েছেন; তার লুপাসের সঙ্গে এই পরিবর্তনের কোনো নির্দিষ্ট সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত নয়। তার অভিজ্ঞতা সামনে এনে নিকোটিনের আসক্তি নিয়ে সতর্কবার্তা দিয়েছেন এই তারকা।
বাংলা৭১নিউজ/আরএইচ





























