রাজধানীর পল্লবীতে একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ রবিবার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে পরিস্থান পরিবহনের পার্কিং করা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
রবিবার দুপুর সোয়া ২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মিরপুর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার।
তিনি বলেন, সকালে বৃষ্টির মধ্যে সিরামিক রোডের সরকারি কলেজের পাশে পার্কিং করা পরিস্থান পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। সকাল সোয়া ৭ টার থেকে সাড়ে ৭টার মধ্যে পরিস্থান পরিবহনের একটি বাস পার্কিং করা অবস্থায় এই আগুনের ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনাটি ঘটিয়েছে সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পরিস্থান পরিবহনের মালিক খান মো. মহিতুল ইসলাম বলেন, সকাল সাড়ে ৭টার দিকে তার সাবেক চালক ফোন করে বাসে আগুন লাগার বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি বাসটি পুড়ে যেতে দেখেন।
তিনি বলেন, ‘পাশের একটি চায়ের দোকানদার বাস থেকে ধোঁয়া উড়তে দেখেছিলেন। বাসটির নম্বর ঢাকা মেট্রো-ব-১১-৮৭০৩।
বাংলা৭১নিউজ/আরএইচ






















