সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিং ও তারকাদের শারীরিক গঠন নিয়ে কটাক্ষের বিরুদ্ধে সরব হয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। ‘বিগ বস ২০’-এর সাম্প্রতিক পর্বে তিনি অন্যকে হেয় করে টাকা আয় এবং তারকাদের বয়স ও চেহারা নিয়ে ট্রোলিংয়ের সমালোচনা করেন।
চলতি মৌসুমের উপস্থাপক সালমান শনিবার (১৯ সেপ্টেম্বর) ‘উইকেন্ড কা ভার’ পর্বে এ বিষয়ে কথা বলেন। প্রতিযোগী আরিশফা খানকে ঘিরে এক বিরোধের সময় ইউটিউবার স্কাউটওপি তার ইউটিউব ও গেমিং সম্প্রদায়ের উদ্দেশে ‘খতম কর দো ইসকো’ অর্থাৎ ‘ওকে শেষ করে দাও’ মন্তব্য করেছিলেন। ওই বক্তব্যের সমালোচনা করেন সালমান।
তিনি বলেন, কাউকে নিচে নামিয়ে আপনারা টাকা উপার্জন করছেন। কারও চেহারা, ওজন, পরিবার, ক্যারিয়ারে ব্যর্থতা কিংবা ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় নিয়ে আক্রমণ করা আসলে ট্রোলারের পারিবারিক শিক্ষা ও মানসিকতারই পরিচয় দেয়। সালমানের ভাষায়, আপনি নিজের পারিবারিক শিক্ষাই দেখাচ্ছেন।
এরপর গর্ভধারণের পর নারীদের শরীর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের মন্তব্য করা হয়, সে বিষয়েও কথা বলেন সালমান। যদিও তিনি কারও নাম উল্লেখ করেননি, তার বক্তব্যটি সম্প্রতি অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া ট্রোলিংয়ের প্রসঙ্গেই এসেছে বলে মনে করা হচ্ছে।
সম্প্রতি মুম্বাইয়ে গণপতি উৎসবের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ক্যাটরিনার চেহারা ও ওজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য করা হয়। সম্প্রতি মা হয়েছেন এই অভিনেত্রী। সন্তান জন্মের পর তার শারীরিক পরিবর্তন নিয়েও কটাক্ষ করেন অনেকে।
এ প্রসঙ্গে সালমান বলেন, কেউ গর্ভবতী হলে তাকে কেন ট্রোল করবেন? গর্ভধারণের পর সবারই ওজন বাড়ে। গর্ভবতী ছিলেন বলে ওজন বেড়েছে। আবার সিনেমায় ফিরলে ফিট হয়ে যাবেন। তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চেয়েছেন।
নিজের বয়স ও চেহারা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলিংয়ের প্রসঙ্গ তোলেন সালমান। তিনি বলেন, বুড়ো হয়ে গেছে, অবশ্যই ৬০ বছর বয়স হয়েছে। এরপর তিনি বলেন, আপনি সব সময় ‘ম্যায়নে পেয়ার কিয়া’-র মতো থাকতে পারবেন না।
তারকাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের চেহারা নিয়ে কেন এত আলোচনা হয়, সেই প্রশ্নও তোলেন সালমান। একই সঙ্গে তিনি জানতে চান, যারা নিজের চেহারা নিয়ে অসন্তুষ্ট, তারা কেন অন্যের চেহারা ও ওজন নিয়ে মন্তব্য করতে সময় ব্যয় করেন।
সালমান আরও প্রশ্ন করেন, আপনি কাকে ট্রোল করতে চান এবং কেন ট্রোল করতে চান? অনলাইনে তারকাদের আক্রমণ করার জন্য কিছু প্রযোজক বা অভিনেতা মানুষকে অর্থ দিতে পারেন বলেও অভিযোগ করেন তিনি।
পর্বটিতে তারকাদের শরীর ও বয়স নিয়ে নিয়মিত মন্তব্যের বিষয়ে সালমানকে বেশ ক্ষুব্ধ দেখা যায়। একপর্যায়ে তিনি নিজের টুপি ও টি-শার্ট খুলে মেকআপ শিল্পী রাজুকে ডাকেন। এরপর নিজের মেকআপ মুছে ফেলেন তিনি। চেহারার পরিবর্তন নিয়ে যারা নিয়মিত মন্তব্য করেন, তাদের উদ্দেশেই তিনি এমনটি করেছেন বলে মনে করা হয়।
বাংলা৭১নিউজ/আরএইচ


























