বেকারত্ব দূরীকরণ ও শিক্ষিত তরুণ-তরুণীদের কাজের সুযোগ তৈরিতে টাঙ্গাইলে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী এক আয়োজন। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী ‘জব ফেয়ার-২০২৬’-এ তাৎক্ষণিকভাবে ৪৪৬ জনের চাকরি নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া প্রাথমিক বাছাই শেষে চূড়ান্ত তালিকায় থাকা আরও ১ হাজার ৫৮১ জনের নিয়োগ প্রক্রিয়া আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে। এর মাধ্যমে মেলা থেকে মোট ২ হাজার ২৭ জন চাকরিপ্রার্থীর কর্মসংস্থান নিশ্চিত হলো।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের জনসেবা চত্বরে প্রথমবারের মতো এই জব ফেয়ারের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত কয়েকজন তরুণ-তরুণীর হাতে আনুষ্ঠানিকভাবে নিয়োগপত্র তুলে দেন টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই মেলায় দেশের শীর্ষস্থানীয় এনজিও, বাণিজ্যিক ব্যাংক ও শিল্পপ্রতিষ্ঠানসহ মোট ৫১টি প্রতিষ্ঠান অংশ নেয়। অনলাইন ও অফলাইনে আবেদনকারী ১১ হাজার ৪২৭ জন চাকরিপ্রার্থীর জীবনবৃত্তান্ত (সিভি) যাচাই-বাছাইয়ের পাশাপাশি মেলা প্রাঙ্গণেই সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “পরীক্ষামূলকভাবে এ মেলা আয়োজন করা হলেও তরুণদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। আগামী ছয় মাসের মধ্যে এটি আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। আমার মূল লক্ষ্য—টাঙ্গাইলের কোনো শিক্ষিত যুবক যেন বেকার না থাকে।” সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিটি দক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন তিনি। পাশাপাশি যাদের তাৎক্ষণিক চাকরি হয়নি, তাদের জমা থাকা সিভি থেকে পর্যায়ক্রমে কর্মসংস্থানের আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
উদ্যোগের পেছনের প্রেক্ষাপট তুলে ধরে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জানান, স্থানীয় শিক্ষিত তরুণ-তরুণীদের আকাঙ্খা ও প্রতিমন্ত্রীর পরামর্শেই এ জব ফেয়ারের পরিকল্পনা করা হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো যেমন তাদের কাঙ্ক্ষিত দক্ষ জনবল খুঁজে পেয়েছে, তেমনি তরুণদের মাঝেও নতুন আশা ও উদ্দীপনার সঞ্চার হয়েছে। ভবিষ্যতে এ ধরনের কর্মসংস্থানমুখী আয়োজন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ/এসএইচবি























