রাজধানীর যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের অভিযোগে গণপিটুনির শিকার এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে যাত্রাবাড়ী বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। পরনে ছিল পুরনো ও ময়লাযুক্ত পোশাক।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ওই যুবককে নিয়ে আসা অটোরিকশাচালক ইসরাফিল ও নিরাপত্তাকর্মী সবুজ হাওলাদার জানান, যাত্রাবাড়ী বাসস্টেশন এলাকায় এক নারীর কানের দুল ছিনিয়ে নেওয়ার সময় ওই যুবককে হাতেনাতে আটক করা হয়।
পরে ওই নারী তাকে কয়েকটি চড়-থাপ্পড় দিয়ে চলে যান। এরপর ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি ওই যুবককে মারধর করেন।
তাদের ভাষ্য অনুযায়ী, পরে স্থানীয় লোকজন আহত যুবককে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যেতে বলেন। এরপর নিরাপত্তাকর্মী সবুজ হাওলাদারসহ তারা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ওই যুবকের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ





























