বিশ্বখ্যাত পপ তারকা টেইলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির বিয়ের আয়োজন ঘিরে নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থাপনায় বড় অঙ্কের ব্যয় হয়েছে। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানের বিশেষ নিরাপত্তা ও নগরসেবা বাবদ ১ লাখ ৬০ হাজার ডলারেরও বেশি (প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকা) পরিশোধ করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি জানান, অনুষ্ঠানের কয়েক দিন আগে বিশেষ ইভেন্ট পারমিট অনুমোদন দেওয়া হয়। তার ভাষ্য অনুযায়ী, এই অর্থ শহর কর্তৃপক্ষের অতিরিক্ত নিরাপত্তা ও প্রশাসনিক সেবার ব্যয় মেটাতে ব্যবহৃত হয়েছে।
গত ৩ জুলাই ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত বিয়ের মূল আনুষ্ঠানিকতায় প্রায় এক হাজার অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অভিনেতা ও কৌতুকশিল্পী অ্যাডাম স্যান্ডলার। অতিথিদের মধ্যে ছিলেন অভিনেতা হিউ গ্র্যান্ট, ইথান হক, জেসন সুডেইকিস, সংগীতশিল্পী বেনসন বুন এবং এনএফএল তারকা ক্রিস জোনস ও কুপার কাপসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখ।
অনুষ্ঠানকে কেন্দ্র করে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, নিরাপত্তার জন্য একটি বিশেষ টিম মোতায়েন করা হয়েছিল। এ সময় ম্যাডিসন স্কয়ার গার্ডেনসংলগ্ন কয়েকটি সড়ক সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পাশাপাশি ময়নিহান ট্রেন হল ও পেন স্টেশনের কিছু প্রবেশপথেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়।
বিয়ের আয়োজনের পাশাপাশি মানবিক উদ্যোগের জন্যও আলোচনায় এসেছেন এই তারকা দম্পতি। তাদের প্রতিনিধির বরাত দিয়ে জানা গেছে, বিয়ের আগে বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানে মোট ২৬ মিলিয়ন ডলার (প্রায় ৩০০ কোটি টাকা) অনুদান দিয়েছেন টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসি। এর একটি বড় অংশ পেয়েছে নিউইয়র্কভিত্তিক ‘অ্যানসার দ্য কল’ সংস্থা, যা কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্য ও দমকলকর্মীদের পরিবারের আর্থিক সহায়তায় কাজ করে।
তথ্য সূত্র- এবিসি নিউজ।
বাংলা৭১নিউজ/এসএএইচ




























