রাজধানীর বংশালে ইয়াবা সেবন নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার সময় ধারালো অস্ত্রের আঘাতে মো. সুমন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সুমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বংশালের নাজিমুদ্দিন রোডের জমিদার গলির একটি বাসায় এ ঘটনা ঘটে।
সুমনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন তার দ্বিতীয় স্ত্রী নাসিমা বেগম। তিনি বলেন, আমার স্বামী ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী ছিলেন। তিনি ইয়াবা সেবন করতেন। রাতে ইয়াবা সেবনের জন্য আমার কাছ থেকে ১৫০০ টাকা নেন। পরে তিনি বাথরুমে বসে ইয়াবা সেবন করেন।
নাসিমা বেগম বলেন, ইয়াবা সেবন নিয়ে আজ সকালে আমাদের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আমার হাতে আঘাত করে সুমন। এসময় তার পিঠে বাম পাশে আঘাত লাগে। পরে গুরুতর অবস্থা তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি জানান, সুমনের গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডালুগাছ বাজার এলাকায়। বাবার নাম নবী মিয়া। বংশালের নাজিমুদ্দিন রোডের জমিদার গলির একটি বাসায় ভাড়া থাকেন তারা।
এদিকে ঢাকা মেডিকেলে তার প্রথম স্ত্রী ডলি আক্তার এসে বলেন, সুমন মাদকাসক্ত ছিলেন। মাদকসেবন ও পারিবারিক বিষয় নিয়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সুমনের কলহ চলছিল। এসব বিষয় নিয়ে সে (নাসিমা বেগম) আমার স্বামীকে হত্যা করেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএএইচ























