সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩ `যুদ্ধের কারণে সাড়ে ৩ মাসে বিপিসির লোকসান ১৭ হাজার কোটি টাকা’ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের : বাণিজ্যমন্ত্রী কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী দেশে টিভি চ্যানেল ৫৯টি, পত্রিকা ১৪৩৬ ও অনলাইন নিউজ পোর্টাল ৪৭৪টি: তথ্যমন্ত্রী ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর আলোচনা দুমুঠো ভাতের খোঁজে নরকবাস: রিক্তা হত্যা মামলায় পাউবোর সবিবুর বরখাস্ত পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী মালয়েশিয়া থেকে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৯৯৯-এ গুলিবিদ্ধ ব্যক্তির ফোন, উদ্ধার হলো বিদেশি পিস্তল-গুলি-গ্রেনেড

রাজশাহী প্রতিনিধি:
  • আপডেট সময় সোমবার, ২২ জুন, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চাওয়ার পর রাজশাহীতে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি আমেরিকায় তৈরি পিস্তল, গুলি, ম্যাগাজিন, ফায়ার্ড কার্তুজের খোসা, গান-পাউডার, চাকু, বিস্ফোরক তৈরির উপাদান ও হ্যান্ড গ্রেনেডসহ ২১ ধরনের আলামত উদ্ধার করা হয়েছে।

রোববার (২১ জুন) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর পুলিশ পরিদর্শক ও গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার এসব তথ্য জানান।

তিনি জানান, ২১ জুন ৯৯৯ নম্বরে এক ব্যক্তি কাতরাতে কাতরাতে ফোন করে জানান, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুলি করে বাসার ভেতরে তালা মেরে রেখে গেছে। তিনি দ্রুত সহায়তার অনুরোধ করেন। ওই ব্যক্তি নিজের নাম ফয়সাল এবং রাজশাহী নগরীর শাহ মখদুম থানাধীন ছায়ানীড় আবাসিক এলাকার একটি বাড়িতে অবস্থানের কথা জানান। 

বিষয়টি জানার পর ৯৯৯ থেকে দ্রুত ব্যবস্থা নিতে শাহ মখদুম থানায় জানানো হয়। কলটি রিসিভ করেন কলটেকার কনস্টেবল সাখাওয়াত। আর উদ্ধার কার্যক্রমের তদারকি ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এএসআই শহিদুল ইসলাম।

তিনি আরও জানান, পরে শাহ মখদুম থানার এসআই মমতাজউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ছায়ানীড় আবাসিকের ৩৪/১ নম্বর বাসার পাঁচতলা ভবনের পঞ্চম তলায় যান। সেখানে তারা দেখতে পান, রাজশাহী নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোহাম্মদ তারেক খালেদসহ আরও চার-পাঁচজন ৯৯৯-এ ফোন করা গুলিবিদ্ধ ফয়সালকে কক্ষ থেকে বের করার চেষ্টা করছেন। পুলিশ সদস্যরা তাদের সহায়তায় ফয়সালকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। প্রাথমিকভাবে পুলিশ বিছানার ওপর একটি পিস্তল, ম্যাগাজিন ও গুলির খোসা দেখতে পায়।

পরে শাহ মখদুম থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত উদ্ধারের জন্য সিআইডির ফরেনসিক টিমকে খবর দেন। ফরেনসিক টিম ঘটনাস্থলে গিয়ে একটি আমেরিকায় তৈরি ৭ দশমিক ৬৫ ক্যালিবারের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, একটি তাজা কার্তুজ, একটি ফায়ার্ড কার্তুজের খোসা, গান-পাউডার, চাকু, বিস্ফোরক তৈরির উপাদান এবং হ্যান্ড গ্রেনেডসহ মোট ২১ ধরনের আলামত উদ্ধার করে।

উদ্ধার হওয়া ব্যক্তি ফয়সাল ইবনে সেলিম শেখ (৩৫)। তিনি রাজশাহীর সাহেববাজার, বোয়ালিয়া এলাকার মো. সেলিম শেখের ছেলে।

এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com