শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ

প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি কমপক্ষে ৩ দিন করার দাবি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

দুর্গাপূজার ছুটি কমপক্ষে তিনদিন করাসহ প্রধানমন্ত্রীর কাছে বেশ কয়েকটি দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। 

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

তিনি বলেন, আমরা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলাম। সেখানে আমরা বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যে সব সমস্যা আছে, সেগুলো নিয়ে আন্তরিক পরিবেশে আলাপ-আলোচনা হয়েছে। তিনি আমাদের সব সমস্যার কথা ধৈর্য সহকারে শুনেছেন এবং পর্যায়ক্রমে সমাধানেরও আশ্বাস দিয়েছেন।

‘একটা ভালো খবর আপনাদেরকে আমরা দিতে চাই। আমরা ওনার কাছে একটা দাবি উত্থাপন করেছিলাম—জাতীয় জীবনের সব ক্ষেত্রে আমাদের সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে। আজকেই তিনি আমাদের একটা ভালো খবর দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের সম্প্রদায়ের একজন বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন। তিনি বিজন কান্তি সরকার, এখানে আমাদের সাথেই আছেন। ওনাকে আজকেই অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন, একটু পরেই আপনারা এই সুখবরটা জানতে পারবেন,’ বলেন সন্তোষ শর্মা।

তিনি বলেন, আমাদের বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের যে সব সমস্যা, সেগুলো আমরা সবগুলো তুলে ধরেছি। অর্পিত সম্পত্তি আইন; হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পরিবর্তে ফাউন্ডেশন করা; দেবোত্তর সম্পত্তি আইন করা; সংখ্যালঘু সুরক্ষা আইন; সংখ্যালঘু পৃথক মন্ত্রণালয়; সংখ্যালঘু কমিশন; দুর্গাপূজার ছুটি কমপক্ষে তিনদিন করা; ৫ আগস্টের পরে আমাদের সম্প্রদায়ের যে সব লোকজনের বিরুদ্ধে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, সেই মামলাগুলো প্রত্যাহার; আমাদের লোকজনের জাতীয় জীবনের সব ক্ষেত্রে আনুপাতিক হারে প্রতিনিধিত্ব এনশিওর করা; ফেসবুকে নানারকম মিথ্যা প্রচারণার অভিযোগে যে সব হত্যাকাণ্ড, লুটপাট এবং ধ্বংসযজ্ঞ হয়েছে, সেগুলোর বিচার চেয়েছি আমরা। তিনিও বলেছেন এগুলোর পর্যায়ক্রমে বিচার করা হবে। 

‘প্রধানমন্ত্রী প্রত্যেকটা বিষয় আমাদের ধৈর্য সহকারে শুনেছেন এবং প্রত্যেকটা বিষয় অ্যাড্রেস করেছেন এবং বলেছেন পর্যায়ক্রমে এগুলো সমাধানের দিকে চেষ্টা করবেন’।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com