মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুর প্রতিনিধি:
  • আপডেট সময় রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

চাঁদপুর শহরের পুলিশ লাইনস এলাকায় পুলিশের গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অটোরিকশা ও পুলিশের একটি ভ্যান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে শহরের জেলা পরিষদ ও পুলিশ লাইনস সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে চাঁদপুর পুলিশ লাইনসের সামনে একটি অটোরিকশার সঙ্গে পুলিশের একটি গাড়ির ধাক্কা লাগে। সংঘর্ষের কিছুক্ষণ পরই অটোরিকশার গ্যাস সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যেই আগুন অটোরিকশা থেকে পাশে থাকা পুলিশের গাড়িতে ছড়িয়ে পড়ে। এতে উভয় যানবাহনে আগুন জ্বলতে থাকে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের কর্মীদের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনের সময় ধোঁয়ায় চারপাশ আচ্ছন্ন হয়ে পড়লে ওই সড়কে কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। সংঘর্ষের কারণ এবং সিলিন্ডারটি কেন বিস্ফোরিত হলো, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চাঁদপুর ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হয়। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যাবে।

পুলিশ জানায়, ক্ষতিগ্রস্ত যানবাহন দুটি উদ্ধারের প্রক্রিয়া চলছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com