ঢাকা-৬ নির্বাচনী এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের গ্যাস সংকট নিরসনে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে তিতাস গ্যাসের আঞ্চলিক কর্মকর্তাদের সঙ্গে সমস্যা সমাধানের নানা দিক নিয়ে আলোচনা করেন তিনি। রান্নাসহ দৈনন্দিন কাজে এলাকাবাসীর চরম ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকটে ভুগছেন বাসিন্দারা। এলাকাবাসী বিষয়টি নিয়ে বারবার অভিযোগ জানিয়ে আসছিলেন। এ পরিস্থিতিতে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, ‘আমার নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল বাসাবাড়ির গ্যাস সমস্যার স্থায়ী সমাধান করা। সেই লক্ষ্যেই ধারাবাহিকভাবে তিতাস গ্যাসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, গ্যাস সরবরাহ ব্যবস্থার বিদ্যমান অবস্থা, পাইপলাইনের চাপ সংকট, অবৈধ সংযোগ এবং সরবরাহ ব্যবস্থার উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এগুলোর সমাধান করতে হবে। দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নিয়ে ভোগান্তি কমানোর আশ্বাস দিয়েছেন তারা।
বাংলা৭১নিউজ/এবি

























