শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

ময়মনসিংহে কুপিয়ে হাতকড়া পরা আসামি ছিনতাই, ৫ পুলিশ হাসপাতালে

ময়মনসিংহ, প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

ময়মনসিংহ নগরে আসামিকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় পুলিশকে কুপিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে পুলিশের পাঁচ সদস্য।

খবর পেয়ে র‍্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় পলাতক আসামির বাবাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে নগরের দিগারকান্দা ফিশারি মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মো. নাজমুস সাকিব।

আহত পুলিশের পাঁচ সদস্যকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পলাতক আসামি আরিফুল ইসলাম ওই এলাকার সাগর আলীর ছেলে। তবে ঘটনার পর সাগর আলীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, কয়েকদিন আগে স্থানীয় রাসেল নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন আরিফুল ইসলাম ও তার সহযোগীরা। রাসেল বর্তমানে রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করা হয়।

মঙ্গলবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল দিগারকান্দা এলাকায় অভিযান চালিয়ে আসামি আরিফুলকে গ্রেপ্তার করে। তাকে নিয়ে যাওয়ার সময় আরিফুলের বাবা সাগর আলীর নেতৃত্বে কয়েকশ লোক লাঠিসোঁটা ও দেশি অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

এক পর্যায়ে হামলাকারীরা পুলিশ সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে হাতকড়াসহ আরিফুলকে ছিনিয়ে নিয়ে যায় বলে জানান ওসি নাজমুস সাকিব।

এদিন সন্ধ্যা ৭টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এসআই ফরিদ আহমেদ বলেন, হামলায় আহত এক এএসআই ও তিন কনস্টেবলসহ পাঁচ পুলিশ সদস্যকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি নাজমুস সাকিব বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি অত্যন্ত গুরুতর। আসামির বাবাকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ঘটনার পরপর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে র‍্যাব ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

ছিনিয়ে নেওয়া আসামিসহ হামলায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com