শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

৭ বছর পর ফের উন্মুক্ত ফার্মগেটের আনোয়ারা উদ্যান

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

দীর্ঘ প্রায় সাত বছর পর আবারও প্রাণ ফিরে পেল রাজধানীর ফার্মগেট এলাকার আনোয়ারা উদ্যান। উন্নয়নকাজের কারণে বন্ধ থাকা এই উদ্যানটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে, ফলে নগরবাসী পুনরায় বিনোদন ও অবসর কাটানোর একটি গুরুত্বপূর্ণ গণপরিসর ফিরে পেল।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফার্মগেট সংলগ্ন শহীদ আনোয়ারা উদ্যানে আয়োজিত এক অনুষ্ঠানে উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ।

তিনি বলেন, ফার্মগেটের আনোয়ারা উদ্যান আজ থেকে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর নগরবাসী এখন নির্বিঘ্নে এই পার্ক ব্যবহার করতে পারবে।

প্রশাসক বলেন, উন্নয়ন কার্যক্রমের প্রয়োজনে অনেক সময় পার্ক ও জলাধার সাময়িকভাবে ব্যবহার করা হলেও পরবর্তীতে সেগুলো পুনরুদ্ধার করা কঠিন হয়ে পড়ে। তবে নগরবাসীর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে এসব স্থান আবার সবার জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, উদ্যানের চারপাশে একটি ওয়াকওয়ে নির্মাণ করা হবে এবং খুব শিগগিরই এ কাজ শুরু হবে। পাশাপাশি অন্তত রাত ১০টা পর্যন্ত মাঠ খোলা রাখার বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

মোহাম্মদ এজাজ বলেন, শহরের যেসব পার্কে নানা কারণে সাধারণ মানুষের প্রবেশে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল, সেগুলো পর্যায়ক্রমে খুলে দেওয়া হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিন পরিত্যক্ত গণপরিসর পরিষ্কার করে পুনরায় নগরবাসীর ব্যবহারের উপযোগী করা হচ্ছে।

অনুষ্ঠানে ঢাকা মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ বলেন, আনোয়ারা উদ্যান এলাকায় মেট্রোরেল প্রকল্পের কাজ শেষ হয়েছে। আগামী মাসের ১৫ তারিখের মধ্যে মাঠে থাকা সব স্থাপনা সরিয়ে এলাকা সম্পূর্ণভাবে পরিষ্কার করা হবে।

উল্লেখ্য, মেট্রোরেল নির্মাণকাজের কারণে ২০১৮ সাল থেকে ফার্মগেটের আনোয়ারা উদ্যান সাধারণ মানুষের জন্য বন্ধ ছিল। প্রায় সাত বছর পর আজ পার্কটি পুনরায় নগরবাসীর জন্য খুলে দেওয়া হলো।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com