রাজধানীর মোহাম্মদপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়ার পলাতক শীর্ষ তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় মোহাম্মদপুরের ইকবাল রোডের প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকলেছুর রহমান মিন্টু, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আলহাজ আবুল কালাম আজাদ মিন্টু এবং আটঘরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র শহিদুল ইসলাম রতন।
মোহাম্মদপুর থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ৫ আগস্টের পর থেকে পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া থেকে এসে ঢাকায় আত্মগোপনে থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ রাখছিলেন। একই সঙ্গে তারা ঢাকায় অবস্থান করে নিজ এলাকায় দলীয় কার্যক্রম জোরদারের বিষয়েও তৎপরতা চালাচ্ছিলেনবলে জানা গেছে।
এদিকে তিন নেতার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর ঈশ্বরদী ও আটঘরিয়ার রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের ঈশ্বরদী থানায় হস্তান্তর করা হবে।’
বাংলা৭১নিউজ/আরএইচ






















