সরকার সনাতন ধর্মাবলম্বীদের পাশে আছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, ‘বিএনপি একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল।
প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পূর্ণ অসাম্প্রদায়িক ধ্যান-ধারণার মানুষ। তার নেতৃত্বে আমরা বাংলাদেশকে এক ছাতার নিচে সব ধর্মালম্বী মানুষের শান্তিপূর্ণ বসবাসের লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’
শনিবার (১৭ অক্টোবর) সকালে শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার পরই এবার সর্বোচ্চ আর্থিক অনুদান দিয়ে পূজায় সহযোগিতা করা হয়েছে।
পাশাপাশি পূজায় অসহায়দের শাড়ি উপহার দেওয়া হয়েছে। আমরা সবসময় পাশে ছিলাম আছি এবং থাকব। পূজায় আইনশৃঙ্খলাবাহিনী সর্বোচ্চ সজাগ দৃষ্টিতে রয়েছে। পাশাপাশি বিএনপি নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে সুন্দর ভাবে পূজা উদযাপনে সহযোগিতা করছে।
বেলাব উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীব বিপ্লবের সভাপতিত্বে এবং মনোহরদী উপজেলা বিএনপির সদস্যসচিব আমিনুর রহমান সরকার দোলনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা বিএনপির সদস্যসচিব এম এ কাদের জলিল, মনোহরদী পৌর বিএনপির সদস্যসচিব এডভোকেট আব্দুল হান্নান মিয়া, উপজেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, মনোহরদী পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি রাজিব রায়, সাধারণ সম্পাদক সুকোমল মোধক প্রমুখ।
পরে স্বাস্থ্যমন্ত্রী নিজের ব্যক্তিগত তহবিল থেকে মনোহরদী ও বেলাব উপজেলার ৮০টি পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
বাংলা৭১নিউজ/আরএইচ



























