রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টায় মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় সংলগ্ন পথচারী পারাপার সেতুর (ওভারব্রিজ) নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মুক্তা (৪০) নামের এক নারীর পরিচয় পাওয়া গেলেও অন্য নারীর (আনুমানিক ৪৫) নাম-পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। তারা দুজনই ওই এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি যানবাহন দুই নারীকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা এক নারী মারা যান।
খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় মুক্তা নামের অপর নারীকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত দুই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গের হিমাগারে রাখা হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ





























