সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় বহুসাংস্কৃতিক বিনোদনকেন্দ্র গ্লোবাল ভিলেজের ৩১তম মৌসুম।
বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয় গ্লোবাল ভিলেজের প্রবেশদ্বার।
এবারের মৌসুমের মূল প্রতিপাদ্য ‘আরও সুন্দর এক পৃথিবী’।
উদ্বোধনী দিনেই দর্শনার্থীদের জন্য ছিল নানা বর্ণিল আয়োজন। বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরে আয়োজন করা হয় বিশেষ শোভাযাত্রা। পাশাপাশি সংগীত, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা মাতিয়ে রাখে দর্শনার্থীদের।
কনফেটি ছড়িয়ে উদযাপনের পাশাপাশি রাতের আকাশে ৬০০টি ড্রোনের বিশেষ প্রদর্শনী উদ্বোধনী আয়োজনকে করে তোলে আরও আকর্ষণীয়।
বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্য, খাবার ও বিনোদনকে এক জায়গায় তুলে ধরার জন্য পরিচিত গ্লোবাল ভিলেজ। এখানে দর্শনার্থীরা একই স্থানে বিশ্বের নানা দেশের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।
নতুন সাজসজ্জা, বর্ণিল আয়োজন ও সাংস্কৃতিক বৈচিত্র্য নিয়ে ৩১তম মৌসুমেও দর্শনার্থীদের আকৃষ্ট করতে প্রস্তুত দুবাইয়ের এই জনপ্রিয় বিনোদনকেন্দ্র।
বাংলা৭১নিউজ/আরএইচ





























