রাশিয়ার তেল শোধনাগারগুলোতে আবারও হামলা চালানোর ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার প্রকাশিত ফিন্যানশিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
জেলেনস্কি বলেন, ‘তেল শোধনাগারে হামলার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। আমরা আর হামলা বন্ধ রাখছি না।’ফিন্যানশিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সঙ্গে ব্যবসায়িক চুক্তি করতে যুক্তরাষ্ট্রের আগ্রহের সমালোচনা করেছেন জেলেনস্কি। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রকাশ্য সমর্থন নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেছেন।
গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট পদ থেকে জেলেনস্কিকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান ট্রাম্প। একই সঙ্গে রাশিয়ার জ্বালানি অবকাঠামোয় ইউক্রেনের হামলারও সমালোচনা করেন তিনি। এর এক দিন আগে রাশিয়ার কাছ থেকে ডিজেল সরবরাহের একটি চুক্তির কথা জানান ট্রাম্প। গত ফেব্রুয়ারিতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর জ্বালানির দাম বেড়ে যায়।
সেই দাম কমানোর চাপ সামলাতেই এ চুক্তির উদ্যোগ নেওয়া হয়।
চলতি সপ্তাহের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জেলেনস্কি জানান, জ্বালানি স্থাপনায় হামলা বন্ধ রাখতে ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পর ইউক্রেন দুই দিনের জন্য রাশিয়ার তেল শোধনাগার ও অন্যান্য জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ রেখেছিল।
তবে এ সময়ও ইউক্রেনের সেনারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আগাম সতর্কবার্তা পাচ্ছিলেন না বলে ফিন্যানশিয়াল টাইমসকে জানিয়েছেন জেলেনস্কি। একই সময়ে ইলন মাস্কের স্যাটেলাইট যোগাযোগব্যবস্থা স্টারলিংকের গতিও পুরো ইউক্রেনজুড়ে কমিয়ে দেওয়া হয়েছিল। এতে যুদ্ধের সামনের সারিতে ইউক্রেনীয় সেনাদের কার্যক্রম এবং রাশিয়ার সামরিক স্থাপনায় মাঝারি পাল্লার হামলা চালানো বাধাগ্রস্ত হয়।
জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইউক্রেনের সামরিক কর্মকর্তাদের জানিয়েছিলেন, ‘আপনারা যদি জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ না করেন, তাহলে আমরা গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে দেব।’ পরে কিয়েভকে জানানো হয়, এটি একটি কারিগরি ত্রুটি ছিল। তবে স্টারলিংক ব্যবস্থায় কোনো ত্রুটির কারণে এ সমস্যা হয়েছিল বলে মনে করেন না জেলেনস্কি।
ফিন্যানশিয়াল টাইমসকে তিনি বলেন, ‘এটি কোনো কারিগরি সমস্যা ছিল না, এটি ছিল ইচ্ছাকৃত সিদ্ধান্ত।’ হোয়াইট হাউসের সঙ্গে সম্পর্ক উন্নত করতে জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ রাখতে ইউক্রেন রাজি কি না, এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, বিনিময়ে যুক্তরাষ্ট্রের তৈরি আরো প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা পেলে তিনি এতে রাজি হতে পারেন। তিনি বলেন, এটি হবে তার কাছে গ্রহণযোগ্য সর্বনিম্ন শর্ত।
বাংলা৭১নিউজ/আরএইচ


























