সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা আরো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। ২০২৪ সালের ৪ আগস্ট গোয়ালন্দে আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানায় দায়ের করা মামলায় তাকে তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নিয়মিত হাজিরা দিতে আদালতে গেলে গোয়ালন্দ আমলী আদালতের বিচারক তার শ্যোন অ্যারেস্টের আবেদন মঞ্জুর করেন। এর আগে বুধবার (১৪ অক্টোবর) গোয়ালন্দ ঘাট থানার পরিদর্শক হুমায়ুন রেজা তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
কাজী কেরামত আলীর আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আশা এসব তথ্য জানিয়ে বলেন, ‘৩৩২/২৪ নম্বর মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছিলেন কাজী কেরামত আলী। পরে তিনি উচ্চ আদালত থেকে ওই মামলায় জামিন পান।
এরপর ৩৩৪/২৪ নম্বর মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। ওই মামলাতেও তিনি জামিন পান। পরবর্তী সময়ে ৩৬৫/২৪ নম্বর মামলায় তাকে আবার শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।’
তিনি জানান, ৩৬৫/২৪ নম্বর মামলায় বৃহস্পতিবার নিয়মিত হাজিরার তারিখ নির্ধারিত ছিল।
এর আগে বুধবার তাকে নতুন আরেকটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়। বৃহস্পতিবার আদালতে হাজির হলে বিচারক আবেদনটি মঞ্জুর করেন। ২০২৫ সালের ৬ এপ্রিল গ্রেপ্তারের পর থেকে কাজী কেরামত আলী কারাগারে আছেন বলেও জানান তিনি।
বাংলা৭১নিউজ/আরএইচ























