চা শ্রমিকসহ ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের পাশে দাঁড়াতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। তিনি বলেন, ‘বিএনপি সরকার জনগণের সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, এ দেশে বসবাসকারী মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি কিংবা সমতলের অধিবাসী—সবাই সমান এবং প্রত্যেকের সমান নাগরিক অধিকার রয়েছে। আমরা সবাই বাংলাদেশি।’
সোমবার (১২ অক্টোবর) চট্টগ্রামের ফটিকছড়িতে অসচ্ছল ব্যক্তি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার ও শিক্ষার্থীদের মধ্যে এককালীন আর্থিক অনুদান, প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফটিকছড়ির শহীদ শফিকুন নুর মওলা (বীরপ্রতীক) গণমিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজিব আচার্য্য জানান, ক্ষুদ্র নৃগোষ্ঠীর চা শ্রমিক পরিবারের সদস্য এবং স্কুল-কলেজের ৭৫ জন শিক্ষার্থীকে জনপ্রতি দুই হাজার টাকা করে মোট এক লাখ ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছে। এ ছাড়া পাঁচজন প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার, ১৪টি স্বেচ্ছাসেবী সংগঠনকে মোট সাড়ে চার লাখ টাকা এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদের আওতায় ১০ জনকে জনপ্রতি পাঁচ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অনুদান দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী মেয়ের জন্য একটি হুইল চেয়ারের প্রয়োজন ছিল নুসরাত জাহান ইভার মা জিন্নাত আরা জিনুকের। ১৯ বছর বয়সী মেয়ের জন্য হুইল চেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে তিনি বলেন, ‘জন্ম থেকেই আমার মেয়ে প্রতিবন্ধী। অনেক কষ্ট করে তাকে লালন-পালন করছি। শুয়ে থাকতে থাকতে তার হাত-পায়ের বিভিন্ন স্থানে ক্ষত হয়ে যাচ্ছিল। আজ হুইল চেয়ার পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে। আমি অনেক খুশি।’
তিনি আরও বলেন, ‘আবেদন করার মাত্র দুই মাসের মধ্যে হুইল চেয়ার পেয়েছি। এতে আমরা খুবই আনন্দিত। এ সহায়তার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্যাহ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আবু ছালেক, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, উপজেলা বিএনপির সদস্যসচিব জহির আজম চৌধুরী ও বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এবি



























