জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে আগামী সেপ্টেম্বরে নিউইয়র্ক সফরে গেলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা সম্ভব কি না, তা নিয়ে নগর কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করছেন শহরটির মেয়র জোহরান মামদানি। শনিবার ‘দ্য নিউইয়র্ক টাইমস’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান।
সাক্ষাৎকারে মামদানি পুনর্ব্যক্ত করেন যে গাজায় মানবতাবিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া নেতানিয়াহুর বিচার হওয়া উচিত। তিনি বলেন, ‘আমি মনে করি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর গন্তব্য হওয়া উচিত হেগ (আন্তর্জাতিক অপরাধ আদালত)। তিনি একজন যুদ্ধাপরাধী, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ আনা হয়েছে। গত কয়েক বছর ধরে তার কর্মকাণ্ডের কারণে অনেকেই আমার মতো এই একই মত পোষণ করেন।’
ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে সোচ্চার ও ডেমোক্রেটিক সোশালিস্ট নেতা মামদানি তার মেয়র নির্বাচনী প্রচারণার সময়ও অঙ্গীকার করেছিলেন যে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তার করা হবে। তবে তখন অনেকেই তার এই প্রতিশ্রুতির বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
মামদানি জানান, নেতানিয়াহু নিউইয়র্ক ভ্রমণে এলে তাকে গ্রেপ্তার করার আইনি এখতিয়ার মেয়রের আছে কি না, তা নিয়ে তিনি শহরের আইন বিভাগের সঙ্গে আলোচনা চালাচ্ছেন। মামদানি বলেন, ‘নিউইয়র্ক সিটির আইন আমাকে যা করার অনুমতি দেবে, আমরা ঠিক তা-ই করব। তবে এজন্য আমরা নিজস্ব কোনো আইন তৈরি করব না।’
নেতানিয়াহুর প্রতিক্রিয়া
তাকে গ্রেপ্তারের আহ্বানের বিষয়ে নেতানিয়াহু সিড রোজেনবার্গ নামের এক মার্কিন রেডিও ব্যক্তিত্বকে জানান, তার মনে হয় মামদানি মনে মনে ‘আমেরিকাকে ঘৃণা করেন’। তবে জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন জোর দিয়ে বলেছেন যে গ্রেপ্তারের হুমকি সত্ত্বেও আগামী সেপ্টেম্বরে অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে উপস্থিত থাকবেন।
সূত্র: আল-জাজিরা
বাংলা৭১নিউজ/এসএএইচ


























