রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীর সঙ্গে এআইআইবি প্রতিনিধি দলের সাক্ষাৎ ব্যবসায়ীদের কী কী সংকট আছে, জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা চায় সরকার ইরানের পেট্রোকেমিক্যাল কারখানায় মার্কিন-ইসরায়েলি হামলা কদমতলীতে কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার ‘ইচ্ছাকৃতভাবে নম্বর কম দেওয়া শিক্ষকদের বিরুদ্ধে আইন করা হয়েছে’ জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী উদ্ভাবননির্ভর বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

কেরানীগঞ্জে ভবনে আগুন: ইউনিট বেড়ে ২০, আটকে পড়া ৪৫ জন উদ্ধার

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

কেরানীগঞ্জের বাবুবাজারে জাবালে নূর টাওয়ারে লাগা আগুন ৭ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট। আগুন লাগা ভবনে আটকে পড়া ৪৫ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস বলছে, বেশিরভাগ দোকানের শাটার ও কলাপসিবল গেট ভেঙে আগুন নেভাতে হচ্ছে। এছাড়া প্রচুর ধোঁয়ার কারণেও আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এসব তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার।

তিনি জানান, অগ্নি দুর্ঘটনাকবলিত জাবালে নূর টাওয়ারটি কয়েকটি স্বতন্ত্র ভবন নিয়ে গঠিত; কিন্তু এগুলোর বেইজমেন্ট মাত্র একটি। এটি বাণিজ্যিক কাম আবাসিক ভবন। প্রথম ও দ্বিতীয় তলায় বিভিন্ন গার্মেন্টস পণ্যের দোকান ও ছোট ছোট ঝুট গোডাউন।

ওপরে আবাসিক কোয়ার্টার। বেজইমেন্টে প্রবেশপথ মাত্র দুইটি। বেশিরভাগ দোকানের তালা ও শাটার কেটে কেটে আগুন নেভাতে হচ্ছে। এ কারণে আগুন নেভাতে সময় লাগছে।

শাহজাহান শিকদার আরও বলেন, প্রচুর ধোঁয়ার কারণে ৩টি ব্রিদিং টেন্ডার, ১টি হ্যাজম্যাট টেন্ডারসহ এখন মোট ২০টি ইউনিট আগুনে কাজ করছে। ভবনে আটকে পড়া আরও ৩ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। মোট উদ্ধার ৪৫ জন।

সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী সাংবাদিকদের বলেন, আশপাশের ভবনগুলো আবাসিক ও বাণিজ্যিক মিক্সড ভবন। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, সবগুলো শাটার দিয়ে আটকানো।

ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত, দোতলা ও তিনতলায় ধোঁয়ায় আচ্ছন্ন। এ কারণে আমাদের আগুন নেভানোর কাজ করতে বেগ পেতে হচ্ছে। এখানে ঝুট গোডাউনসহ অন্যান্য মালামাল রয়েছে। ভবনের বেজমেন্টেও দোকানপাট রয়েছে। এ কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লাগছে।

তিনি বলেন, ভবনের দোকানের শাটার ও কলাপসিবল গেট ভেঙে ভেতরে ঢুকে কাজ করতে হচ্ছে। আগুনের সোর্সের কাছে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে। আমরা চারদিক থেকে অ্যাটাক করছি যেন আগুন অন্য ভবনে না ছড়িয়ে যায়।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাওয়া হলে লে. কর্নেল তাজুল ইসলাম বলেন, এখনই সূত্রপাত বলা যাবে না, আগে আগুন নিয়ন্ত্রণ করবো, তারপর সূত্রপাত বলা যাবে।

ভবনে কেমিক্যালের কোনো অস্তিত্ব আছে কি না প্রশ্ন করা হলে ফায়ার সার্ভিসের পরিচালক বলেন, এখানে কেমিক্যালের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। অযথা কেউ প্যানিক ক্রিয়েট না করি। এখানে যে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে তা ব্যাকড্রাফট। ব্যাকড্রাফট হলো একটা জায়গায় আগুন অথবা ধোঁয়া আটকে থাকলে খোলার পর যে শব্দ হয় সেটির শব্দ হয়েছে।

এর আগে শনিবার ভোর ৫টা ৩৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৫টা ৪৫ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2018-2025
Theme Dwonload From ThemesBazar.Com