বাংলাদেশের অর্থনৈতিক অগ্রাধিকার বাস্তবায়ন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সহযোগিতা জোরদারে ৪৫ মিলিয়ন কানাডীয় ডলার বিনিয়োগের কথা জানিয়েছে কানাডা। এ বিনিয়োগের আওতায় অর্থনৈতিক সুশাসন, কৃষি উদ্ভাবন, বাজার উন্নয়ন এবং বেসরকারি খাতের প্রবৃদ্ধিতে সহায়তা দেওয়া হবে।
সম্প্রতি বাংলাদেশের অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক করেন কানাডার ইন্দো-প্যাসিফিকবিষয়ক সহকারী উপমন্ত্রী ওয়েলডন এপ। বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং উভয় দেশের জন্য লাভজনক অর্থনৈতিক অংশীদারি গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।
কানাডার পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রাধিকারগুলোকে সহায়তা করতে সম্প্রতি ৪৫ মিলিয়ন কানাডীয় ডলার বিনিয়োগ করা হয়েছে। এর মাধ্যমে অর্থনৈতিক ব্যবস্থাপনা ও সুশাসন, কৃষিতে উদ্ভাবন, বাজারের উন্নয়ন এবং বেসরকারি খাতের বিকাশে সহযোগিতা দেওয়া হবে।
বৈঠকে দুই দেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্কের বিষয়টিও গুরুত্ব পায়। কানাডার তথ্য অনুযায়ী, বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় বাণিজ্য ২০২৫ সালে ৪ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার পথে রয়েছে।
দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারি আরো সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি সমৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে কানাডা ও বাংলাদেশ।
বাংলা৭১নিউজ/আরএইচ























