গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাম্প্রতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের ঘটনায় ভয়াবহ অচলাবস্থা ও জননিরাপত্তা সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
বুধবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জেলার সার্বিক স্থবিরতা, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তাহীনতা এবং পুলিশি কার্যক্রমের অনুপস্থিতির চিত্র তুলে ধরে পরিস্থিতি স্বাভাবিক করতে গোপালগঞ্জের সাধারণ মানুষকে ‘গণপ্রতিরোধ’ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে রাশেদ খাঁন উল্লেখ করেন, নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের সাম্প্রতিক সহিংসতা, হামলা ও ভাঙচুরের ফলে গোপালগঞ্জে রেল যোগাযোগ ব্যাহত হচ্ছে এবং সড়কপথে যানবাহন চলাচলে আতঙ্ক ও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ট্রেনে হামলা ও অগ্নিসংযোগের আশঙ্কায় যাত্রীরা গোপালগঞ্জের ওপর দিয়ে যাতায়াত করতেও নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে তিনি দাবি করেন।
পোস্টে জেলার জরুরি সেবা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের স্থবিরতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, পেট্রোল পাম্প, বিদ্যুৎ সরবরাহ, থানা, হাসপাতাল, ব্যাংক ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা ও প্রতিষ্ঠানের কার্যক্রম স্থবির হয়ে পড়ছে এবং এসব প্রতিষ্ঠানকেন্দ্রিক বিশাল সাপ্লাই চেইন নিয়মিত চালু রাখাও কঠিন হয়ে পড়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আওয়ামী সন্ত্রাসীদের জ্বালাও-পোড়াও এবং ভাঙচুরের ফলে গোপালগঞ্জে এখন ‘৭৪-এর ন্যায় দুর্ভিক্ষ’ নেমে এসেছে বলে মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রশাসনের কাজের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাশেদ খাঁন তাঁর পোস্টে লেখেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও এখন গোপালগঞ্জে নিজেদের নিরাপদ মনে করছেন না এবং তাঁদের স্বাভাবিক দায়িত্ব পালন করা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। এ ছাড়া থানা পুড়িয়ে দেওয়ার ফলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে স্বাভাবিক কার্যক্রম চালু করতে পারছে না; এমনকি পুনরায় হামলা ও অগ্নিসন্ত্রাসের আশঙ্কায় পুড়িয়ে দেওয়া থানাগুলোর সংস্কারকাজও শুরু করা সম্ভব হচ্ছে না। পুলিশের অনুপস্থিতিতে গোপালগঞ্জ নানা অপরাধ ও অপকর্মের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলেও পোস্টে উল্লেখ করা হয়।
গোপালগঞ্জের এই অচলাবস্থা কাটিয়ে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে স্থানীয় জনগণের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন রাশেদ খাঁন। তিনি বলেন, আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে গোপালগঞ্জের সাধারণ মানুষকে এগিয়ে এসে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। গোপালগঞ্জের জনগণ যত দ্রুত এসব অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে পারবে, তত দ্রুত সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে পোস্টে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বাংলা৭১নিউজ/আরএইচ



























