প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মো. ইসমাইল জবিউল্লাহ বলেছেন, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের মতো উদ্যোগের পরিপূরক হিসেবে বাংলাদেশে আরেকটি বড় বন্দর অবকাঠামো প্রকল্প উন্নয়নের বিষয়টি চীন বিবেচনা করতে পারে।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-চীন সম্পর্কবিষয়ক ‘২০২৬ ঢাকা ফোরাম’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
চীন, মিয়ানমার ও বাংলাদেশ অর্থনৈতিক করিডর প্রসঙ্গে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, গত জুনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চীন, মিয়ানমার ও বাংলাদেশ অর্থনৈতিক করিডর গড়ে তোলার যে আহ্বান জানিয়েছেন, তা বিষয়টিকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এশিয়ার পরিবর্তনশীল অর্থনৈতিক প্রেক্ষাপটে এই করিডর সুচিন্তিত মনোযোগের দাবি রাখে।
তিনি বলেন, এই করিডরকে শুধু একটি অবকাঠামো প্রকল্প হিসেবে না দেখে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে অর্থনৈতিক একীভূতকরণ ও কার্যকর সহযোগিতার বৃহত্তর কাঠামো হিসেবে বিবেচনা করা উচিত।
ইসমাইল জবিউল্লাহ বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এ ক্ষেত্রে বিশেষ সুবিধা তৈরি করেছে। তবে করিডর বাস্তবায়নের সম্ভাবনা বিবেচনায় রাজনৈতিক বাস্তবতা, নিরাপত্তা পরিস্থিতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট সব পক্ষের অর্থনৈতিক স্বার্থ সতর্কতার সঙ্গে মূল্যায়ন করতে হবে। এ জন্য ত্রিদেশীয় সংলাপে জোর দেওয়া দরকার।
রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীন ভূমিকা রাখতে পারে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনের নতুন পথ উন্মোচিত হয়েছে। এ ক্ষেত্রে চীন ভূমিকা রাখতে পারে।
বাংলাদেশ ও চীন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সার্বভৌম সমতা এবং অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ভিত্তিতে দুই দেশের দীর্ঘদিনের অংশীদারত্ব গড়ে উঠেছে। বর্তমানে এই সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রতিরক্ষা, শিক্ষা, সংস্কৃতি ও জনগণের সঙ্গে জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত হয়েছে।
বন্দর ও নৌপরিবহন সংযোগ প্রসঙ্গে ইসমাইল জবিউল্লাহ বলেন, বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্য ব্যাপকভাবে সমুদ্রবন্দরনির্ভর। বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে বাংলাদেশের কৌশলগত অবস্থান রয়েছে। এ অবস্থান কাজে লাগাতে দেশের বন্দরগুলোকে শুধু পণ্য ওঠানামার কেন্দ্র হিসেবে না রেখে সমন্বিত অর্থনৈতিক ও লজিস্টিকস হাবে পরিণত করতে হবে।
তিনি বলেন, এ ক্ষেত্রে বন্দর নির্মাণ, সামুদ্রিক অবকাঠামো উন্নয়ন ও বন্দর ব্যবস্থাপনায় চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারে বাংলাদেশ। পাশাপাশি পরিবেশবান্ধব বন্দর, জ্বালানিসাশ্রয়ী সামুদ্রিক অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা এবং জলবায়ু-সহনশীল উপকূলীয় অবকাঠামো উন্নয়নে দুই দেশের সহযোগিতার সুযোগ রয়েছে।
বাংলাদেশে চীনা দূতাবাস ও সেন্টার ফর চায়না স্টাডিজের সহযোগিতায় বিআইআইএসএস এবং বাংলাদেশ-চায়না রিসার্চ সেন্টার ফর পার্টি অ্যান্ড স্টেট গভর্নেন্স যৌথভাবে এ ফোরামের আয়োজন করে।
অনুষ্ঠানে বাংলাদেশে চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান।
বাংলা৭১নিউজ/আরএইচ
























