তারকা গোলকিপার থিবো কোর্তোয়ার ভবিষ্যৎ সুনিশ্চিত করল রিয়াল মাদ্রিদ। ২০২৮ সালের জুন পর্যন্ত তার সঙ্গে নতুন চুক্তি করেছে তারা। গত সেপ্টেম্বরের মৌখিক সম্মতির পর বেলজিয়ান শট স্টপার সান্তিয়াগো বার্নাব্যুতে থাকা দীর্ঘায়িত করতে এবার চুক্তিপত্রে কলমের খোঁচা দিলেন।
দলবদলের খবরের জন্য বিশ্বে সুপরিচিত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, গত সেপ্টেম্বরে স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে মৌখিক সম্মতির পর এই সপ্তাহে চুক্তিতে সই করেছেন বেলজিয়ান গোলকিপার। এক বছরের এই চুক্তির কারণে ৩৪ বছর বয়সী ফুটবলার আগামী মৌসুমের শেষ পর্যন্ত থাকছেন এবং নতুন করে আলোচনার প্রয়োজন নেই।
এখনও ক্লাব আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। তবে প্রথম পছন্দের গোলকিপারকে নিশ্চিত করতে পারা মাদ্রিদের ড্রেসিংরুমের জন্য বিরাট স্বস্তির। চলতি মৌসুমে ১১ লা লিগা খেলে চারটি ক্লিনশিট ধরে রাখেন এবং ৭৮ শতাংশ সেভে মাত্র ৯ গোল হজম করেছেন।
২০১৮ সালের আগস্টে চেলসি থেকে সাড়ে ৩ কোটি পাউন্ডে মাদ্রিদে যোগ দেন বলে গণমাধ্যমে জানানো হয়েছিল। মাদ্রিদের বড় ম্যাচের পারফর্মার হিসেবে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি জিতেছেন তিনি। এর মধ্যে লিভারপুলের বিপক্ষে ২০২২ ইউরোপিয়ান ফাইনালে রেকর্ড ৯টি সেভে নিজেকে অন্য উচ্চতায় নিয়েছেন।
২০২৩ সালের আগস্টে এসিএল ইনজুরিতে পড়েন কোর্তোয়া। ২০২৪ সালের মার্চে হাঁটুর মেনিসকাস ছিঁড়ে যায়। কাছাকাছি সময়ে দুটি চোট কাটিয়ে মাঠে ফেরার পর লা লিগায় ১৫০ ম্যাচ জিতেছেন এবং তিনটি গোল বানিয়ে দিয়ে গোলকিপার হিসেবে সর্বকালের শীর্ষ অ্যাসিস্টের আসনে বসেছেন। ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতায় একশটির বেশি ম্যাচ খেলা হয়ে গেছে তার।
বাংলা৭১নিউজ/আরএইচ
























