রংপুরে পৃথক স্থানে তিনটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ভস্মীভূত হয়েছে বাসগুলো। ২৪ ঘণ্টার মধ্যে একে একে তিনটি বাসে আগুনের ঘটনায় জনমনে আতঙ্ক তৈরি হয়েছে। তবে বাসগুলোতে কোন মানুষ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
ক্ষতিগ্রস্তরা বলছেন, দেশজুড়ে অস্থিরতা, সন্ত্রাস ও নাশকতার অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাসে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। বাসস্ট্যান্ডের নিরাপত্তা প্রদানসহ যানবাহনের অবাধ চলাচল নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে রংপুর নগরীর আরকে রোড পশ্চিম বাবু খাঁ এলাকায় মা ও শিশু হাসপাতালের বিপরীতে রাখা শাপলা পরিবহন (ঢাকা মেট্রো-ব ১৩-১৮৫৬) বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সাজু মিয়ার গ্যারেজে এ ঘটনাটি ঘটে। পরিবহনটি মেরামতের জন্য গ্যারেজে রাখা হয়েছিল।
শাপলা পরিবহন বাসটি রংপুর-জলঢাকা রুটে চলাচল করত। এর মালিক মিঠু মিয়া নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়ন বিএনপির নির্বাহী কমিটির সদস্য।
গ্যারেজের নাইটগার্ড সিরাজুল ইসলাম জানান, রাত সোয়া ৩টার দিকে মুখে মাস্ক পরিহিত তিনটা ছেলে গাড়ির সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তখন তিনি পাশের একটি দোকানে পান নিতে গিয়েছিলেন। সেখান থেকে আসার আগেই গ্যারেজে গাড়ির সামনে আগুন দেখতে পেয়ে ছুটে আসেন। ওই সময় ছেলেগুলো দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তাদের পরনে সাদা শার্ট ছিল। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস এতে আগুন নেভায় ততক্ষণে বাসটি পুড়ে যায়।
আগুন লাগানোর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বাসটির মালিক মিঠু মিয়া ও পরিবহন শ্রমিক ও মালিক সমিতির লোকজন।
গাড়ির মালিক মিঠু মিয়া বলেন, আমার বাসটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন আগুন লাগিয়েছে। আমার ধারণা গানপাউডার ছিটিয়ে আগুন লাগোনো হয়েছে। এটাই আমার রুটি রুজির পথ ছিল। এখন আমি নিঃস্ব।
বিজ্ঞাপন
নীলফামারী বাস মিনিবাস ও কোচ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান মিল্টন জানান, গতকাল একটা গাড়ি নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন পুড়িয়ে দিয়েছে। আজ আবার এই গাড়িটাও এভাবে পুড়ে গেলো। এভাবে চলতে থাকলে আমরা পরিবহন মালিকরা সড়কে গাড়ি বন্ধ রাখতে বাধ্য হবো। আশা করছি, সরকার ও প্রশাসন দ্রুত সময়ের মধ্যে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
রংপুর ফায়ার সার্ভিস এণ্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক জানান, আগুন লাগানোর সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দ্রুত তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, আমাদের প্রাথমিক ধারণা এই ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘটিয়েছে। তবে কীভাবে ঘটালো এবং এখানে কোন ক্যামিকেল ব্যবহার হয়েছে কিনা—সেটা আমরা খতিয়ে দেখছি।
গ্যারেজে রাখা যুবদল নেতার বাসে আগুন
এদিকে বুধবারও (১৮ নভেম্বর) টার্মিনাল রোড সংলগ্ন মৎস আড়তের বিপরীতে থাকা মালেকের গ্যারেজে পার্কিং করা একই রুটে চলাচলকারী হৃদয়-তাহসিন পরিববহনটিও আগুনে পুড়ে যায়। ওয়ার্কশপে মেরামতের সময় ওয়েল্ডিং থেকে বাসে আগুন লেগেছে পুলিশ দাবি করলেও বাস মালিকের দাবি নাশকতা করতেই বাসটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। বাসের মালিক আব্দুল কাইয়ুম হৃদয় রংপুর মহানগর যুবদলের ৩১ নং ওয়ার্ড সভাপতি।
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক তাজুল ইসলাম হারুন চৌধুরী বলেন, এটি নাশকতা। ওয়েল্ডিংয়ের কাজ হয়েছে সকালে আর বাসে আগুন লেগেছে দুপুরে। যদি ওয়েল্ডিং থেকে আগুন লাগতো তাহলে সকালেই বাসটি জ্বলে যেত।
ক্যাডেট কোচিংয়ের শিক্ষার্থী পরিবহন বাসেও আগুন
ওই দিন ভোররাতে নগরীর পর্যটন মোটেলের সামনে লুমিনাস ক্যাডেট কোচিংয়ের পার্কিং করা শিক্ষার্থী পরিবহনের একটি বাসে (রংপুর মেট্রো-জ-১১-০০০১) আগুন দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। কোচিংটির পরিচালক নাহিদুজ্জামান ইকবাল মাছুম চব্বিশের জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকায় ছিলেন।
বুধবারের এ দুটি আগুনের ঘটনার একটিতে পুলিশ মামলা নিলেও অন্যটিতে নেয়নি।
এদিকে বাসে আগুন দেওয়ার ঘটনায় জনমনে আতংঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়রা প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে মহানগর যুবদল। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে, সন্ধ্যায় এবং রাতে নগরীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকান্ডের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন তারা।
রাতে নিরাপত্তা টহল ও শান্তি মিছিল করেন মহানগর যুবদল। এতে মহানগর যুবদলের আহ্বায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদ মুরাদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/আরএইচ

























