দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে আটক করেছে পুলিশ। বুধবার (৪ নভেম্বর) দুপুরে মহাখালীতে বেসরকারি টেলিভিশন ডিবিসি কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপ্রধান শফিকুল ইসলাম।
এ দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিডিয়া মো. আখতার হোসেন জানিয়েছেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইকবাল সোবহান চৌধুরীকে ডিবিতে নিয়ে আসা হয়েছে।
এর আগে গত ১৫ এপ্রিল ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার পথে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফেরত পাঠানো হয়। সেদিন সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার জেদ্দা যাওয়ার কথা ছিল।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন ইকবাল সোবহান চৌধুরী। তবে ওই বছরের সেপ্টেম্বর মাসে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর জানাজায় অংশ নিতে প্রেসক্লাবে যান তিনিসহ আওয়ামীপন্থী সিনিয়র কয়েকজন সাংবাদিক। তখন জামায়াত নেতাদের সঙ্গে এক টেবিলে তাদের বসার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে। এরপর থেকে ইকবাল সোবহান চৌধুরীকে প্রকাশ্যে আর দেখা যায়নি।
বাংলা৭১নিউজ/আরএইচ






















