উৎসবের সাজে রাজকীয় আভিজাত্য আর ভারতীয় ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে আবারও নজর কাড়লেন ইশা আম্বানি। তার লেহেঙ্গা যেন নিছক পোশাক নয়, সিল্কের ক্যানভাসে আঁকা এক টুকরো শিল্পকর্ম। তাতে ফুটে উঠেছে শ্রীরাধা ও কৃষ্ণের পবিত্র রাসলীলা।
হাতে আঁকা পৌরাণিক দৃশ্য, ঐতিহ্যবাহী লোকশিল্পের নকশা আর সূক্ষ্ম কারুকাজে তৈরি এই পোশাকে ধরা দিয়েছে ভারতীয় হস্তশিল্পের অনন্য সৌন্দর্য। তবে শুধু লেহঙ্গাই নয়, চুলের সাজ, ভারী গয়না আর নিখুঁত মেকআপেও নজর কেড়েছেন তিনি।
ফ্যাশনের দুনিয়ায় ইশা আম্বানির প্রতিটি সাজেই থাকে আলাদা গল্প। এবারও তার ব্যতিক্রম হয়নি। প্রখ্যাত ডিজাইনার করণ তোরানি ও ভারতীয় লোকশিল্পকে তুলে ধরার উদ্যোগ ‘স্বদেশ’র যৌথ প্রয়াসে তৈরি হয়েছে এই বিশেষ লেহেঙ্গা। কলমকারি ও ওড়িশার বিখ্যাত পট্টচিত্র শিল্পরীতির মেলবন্ধনে পোশাকটি হয়ে উঠেছে উৎসবের সাজে অনন্য।
এই লেহেঙ্গার অন্যতম আকর্ষণ এর নির্মাণশৈলী। ডিজাইনারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১০ জন দক্ষ কারিগর ৯০ দিনেরও বেশি সময় ধরে পোশাকটি তৈরিতে কাজ করেছেন। সব মিলিয়ে লেগেছে প্রায় ২০০০ ঘণ্টা। খাঁটি সিল্কের ক্রিম রঙের জমিনে হাতে আঁকা হয়েছে রাধা-কৃষ্ণের রাসলীলা। প্রতিটি কলি বা প্যানেলে ঘন নীল, লাল ও সোনালি রঙের ছোঁয়া পোশাকটিকে দিয়েছে রাজকীয় আভা।
শুধু রাধা-কৃষ্ণের চিত্রই নয়, নকশার বিভিন্ন অংশে ফুটে উঠেছে পদ্মফুল, ময়ূর ও পৌরাণিক স্থাপত্যের মোটিফ। কলমকারির সূক্ষ্ম রেখা আর পট্টচিত্রের অলংকরণসমৃদ্ধ শৈলী মিলিয়ে লেহেঙ্গাটি যেন হয়ে উঠেছে চলমান এক শিল্পকর্ম।
লেহেঙ্গার সঙ্গে ইশার গয়নাও ছিল চোখে পড়ার মতো। কানে পরেছিলেন ময়ূরের মোটিফ ও কুন্দনের কাজ করা জমকালো কানপাশা-ধাঁচের ঝুমকা। নিচে ঝুলন্ত মুক্তা ও ঝালরের নকশা গয়নাটিতে এনেছে আভিজাত্যের ছোঁয়া। গলায় ভারী সোনা ও কুন্দনের কাজ করা চোকার নেকলেস, তাতে রঙিন পাথর এবং ছোট মুক্তার ঝালর সাজটিকে আরও জমকালো করেছে।
হাতে চওড়া জড়োয়া কাজের বালা বা কঙ্কন এবং আঙুলে বড় আকারের ঐতিহ্যবাহী আংটি তার সাজে যোগ করেছে রাজকীয় মাত্রা। পোশাকের সূক্ষ্ম নকশা আর গয়নার জৌলুস-দুটিই যেন একে অপরের পরিপূরক।
ইশার হেয়ারস্টাইলেও ছিল বিশেষত্ব। সামনের চুলে হালকা পাফ তৈরি করে পেছনে সেমি-টাইড বা হাফ-আপ স্টাইলে বাঁধা হয়েছিল চুল। বাকি চুল সফট কার্ল করে পিঠের ওপর ছেড়ে দেওয়া হয়। এতে সাজে এসেছে কোমলতা, আবার খোলা কার্লে ফুটে উঠেছে উৎসবের আমেজ। তবে চুলের সাজের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল পেছনে থাকা ঐতিহ্যবাহী লটকান। টোনোটো ব্র্যান্ডের এই বিশেষ হেয়ার অ্যাক্সেসরিতে ছিল রঙিন পমপম, সুতার ঝালর, ছোট কড়ি ও কাপড়ের নকশা।
প্রচলিত হেয়ার অ্যাক্সেসরির বদলে এমন রঙিন সংযোজন তার সাজকে দিয়েছে আলাদা পরিচিতি। মেকআপে ইশা বেছে নিয়েছিলেন গ্লোয়িং বেস। গালে হালকা ব্লাশ ও সফট কন্টোরিং মুখের স্বাভাবিক উজ্জ্বলতাকে ফুটিয়ে তুলেছে। চোখে ড্রামাটিক উইংড আইলাইনারের সঙ্গে স্মোকি ইফেক্ট এবং শিমারি বেগুনি বা নীলচে আইশ্যাডো তার সাজে এনেছে নাটকীয়তা। ঠোঁটে ছিল ম্যাট ফিনিশের ন্যুড বা মভ শেডের লিপস্টিক।
অন্যদিকে, ক্লাসিক ফ্রেঞ্চ ম্যানিকিউর নখের সাজকে রেখেছে পরিমিত ও মার্জিত। ভারী গয়না, রঙিন চুলের অ্যাক্সেসরি এবং চোখের জমকালো মেকআপের মধ্যে এই সরলতা পুরো লুকটিকে দিয়েছে ভারসাম্য।
২০০০ ঘণ্টার কারুশিল্প থেকে রঙিন লটকান, প্রতিটি খুঁটিনাটি মনে করিয়ে দেয়, রাজকীয় ফ্যাশনের সৌন্দর্য শুধু জাঁকজমকে নয়, ঐতিহ্য, শিল্পীর দক্ষতা আর নিজস্ব স্টাইলের মেলবন্ধনেই তৈরি হয় সত্যিকারের স্মরণীয় সাজ।
বাংলা৭১নিউজ/জেএস





























