ভোটার তালিকায় ব্যাপক অনিয়ম ও জালিয়াতির অভিযোগে ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল ভারতের রাজধানী। সোমবার সুপ্রিম কোর্ট অভিমুখে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ব্লকের একটি বিশাল প্রতিবাদ পদযাত্রা মাঝপথেই আটকে দিয়েছে দিল্লি পুলিশ।
লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং সমাজকর্মী নেহা বোরার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী এই ‘চলো দিল্লি-মার্চ ফর ডেমোক্র্যাসি’ কর্মসূচিতে অংশ নেন। এ ছাড়া সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) তেজস্বী যাদবসহ ‘ইন্ডিয়া’ জোটের শীর্ষ নেতারাও এই কর্মসূচিতে সংহতি জানান।
কনট প্লেস ও বারাকখাম্বা রোড থেকে শুরু হওয়া মিছিলটি মণ্ডি হাউসের দিকে অগ্রসর হলে ভগবান দাস রোডের মুখে পুলিশ ও আধা সামরিক বাহিনী ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। বিক্ষোভ দমনে পুলিশ কড়া অবস্থান নিলেও আন্দোলনকারীরা স্লোগানে মুখরিত রাখেন পুরো এলাকা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাহুল গান্ধীসহ অন্য শীর্ষ নেতারা একটি ট্রাকের ছাদের ওপর দাঁড়িয়ে অবস্থান নেন এবং সেখান থেকেই সংক্ষিপ্ত বক্তব্য দেন।
এর আগে আজ সকালে কংগ্রেস সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী সিইসি জ্ঞানেশ কুমারকে উদ্দেশ করে বলেন, ‘পদত্যাগ করুন অথবা সত্য প্রকাশ করুন। আপনি ভুল করেছেন, কিন্তু এই ভুলের মূল পরিকল্পনাকারী আপনি নন। আমরা জানি আপনি রাতে ঘুমাতে পারছেন না।
আমরা স্পষ্টভাবে বলতে চাই, সিইসি পদে আপনার টিকে থাকা সম্ভব নয়।’
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার ‘ইন্ডিয়া’ জোটের নেতৃত্বে সুপ্রিম কোর্টে সিইসির অপসারণ, বিতর্কিত এসআইআর অবিলম্বে স্থগিত এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি জমা দেওয়ার কথা ছিল। তবে পুলিশি বাধায় এ কর্মসূচি আটকে দেওয়া হয়েছে।
বাংলা৭১নিউজ/আরএইচ

























