ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শাহাদাত হোসেন তুষার (১৪) নামে এক কিশোরকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
শুক্রবার (১৭ জুলাই) সকালে পৌর এলাকার কল্যাণ সাগরের পূর্ব পাড় এলাকায় এ ঘটনা ঘটে। শাহাদাত হোসেন তুষার ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাটুলিপাড়ার মজনু মিয়ার ছেলে। সে কসবা পৌর এলাকার কল্যাণ সাগরের পূর্ব পাড় এলাকার অস্থায়ী বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার সকালে বৃষ্টি চলাকালে ভুক্তভোগী শিশুটি দোকান থেকে খাবার কিনতে বের হয়। এ সময় অভিযুক্ত তুষার শিশুটিকে ফুসলিয়ে বাড়ির অদূরে একটি গাছতলায় নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে। পরে শিশুটির মা তাকে রক্তাক্ত অবস্থায় কাঁদতে দেখেন। মায়ের সন্দেহের পরিপ্রেক্ষিতে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ঘটনার বিস্তারিত প্রকাশ করে।
বিষয়টি জানাজানি হলে দুপুরে স্থানীয় এলাকাবাসী অভিযুক্ত তুষারকে ধরে গণপিটুনি দেয়। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পেয়ে কসবা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে।
এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান, ‘৯৯৯ থেকে তথ্য পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করেছি। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলা৭১নিউজ/জেএস






















