সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন

ঢাকায় কবজি কাটা গ্রুপের ধ্বংস কবিরসহ ছিনতাই মামলায় গ্রেফতার ৩

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপডেট সময় সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

রাজধানীর আদাবর ও তেজগাঁও এলাকায় পৃথক অভিযান চালিয়ে কবজি কাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য ‌কবির ওরফে ধ্বংস কবিরসহ ছিনতাইয়ের মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-২। এ সময় তাদের কাছ থেকে তিনটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন-কবজি কাটা আনোয়ার গ্রুপের অন্যতম সদস্য, মাদক কারবারি ও কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত কবির ওরফে ধ্বংস কবির (৩৮), তার সহযোগী আব্দুর রহমান (৩৫) এবং তেজগাঁও এলাকার স্বীকৃত কিশোর গ্যাং লিডার ও একাধিক মাদক-ছিনতাই মামলার আসামি মো. বিল্লাল হোসেন (২৮)।

সোমবার (২৯ জুন) র‍্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে আদাবর থানার শ্যামলী হাউজিংয়ের ৪ নম্বর রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে কবির ও আব্দুর রহমানকে দুইটি চাপাতিসহ গ্রেফতার করা হয়।

একই দিন তেজগাঁও থানার কারওয়ান বাজার এলাকায় পৃথক অভিযানে বিল্লাল হোসেনকে একটি চাপাতিসহ গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে মোহাম্মদপুর, আদাবরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতি, চুরি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

গ্রেফতার কবিরের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদক-সংক্রান্ত পাঁচটি এবং বিল্লাল হোসেনের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদক-সংক্রান্ত মোট ১১টি মামলা রয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। এছাড়া তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অন্যান্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

বাংলা৭১নিউজ/এসএএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com