সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
সংসদে বিরোধী দলের ওয়াকআউট অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী  ফের বিপৎসীমার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ব্রাহ্মণবাড়িয়ায় সুদের টাকা নিয়ে গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১, আহত ৩০ মিয়ানমার সীমান্তের ভূমিকম্পে কাঁপল চট্টগ্রাম অঞ্চল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার নতুন অর্থবছরই তিস্তা মহাপরিকল্পনার স্টাডি শেষ করে বাস্তবায়ন শুরু ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে জলবায়ু প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

সংসদে বিরোধী দলের ওয়াকআউট

বাংলা৭১নিউজ,ঢাকা
  • আপডেট সময় রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের বৈঠকের শেষ সময়ে পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ না পেয়ে ওয়াকআউট করেছেন বিরোধী দলের সদস্যরা।

রোববার বাজেট আলোচনার শেষ বক্তা ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্যের পর সম্পূরক কার্যসূচি অনুযায়ী দুটি বিল সংসদে উত্থাপন করা হয়।

বিল দুটি হল- বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দ্বিতীয় সংশোধন বিল, ২০২৬ এবং পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিলটি উত্থাপনের সময় বিরোধী দলের পক্ষ থেকে বিলের কপি আগে না পাওয়ার অভিযোগ তোলা হয়। বিলটি বিশেষ কমিটিতে পাঠানো নিয়েও আপত্তি জানান বিরোধী দলের সদস্যরা।

বিরোধী দলের সদস্য নাজিবুর রহমান মোমেন বলেন, “বিধি অনুযায়ী বিলের কপি তিন দিন আগে দেওয়ার বাধ্যবাধকতা আছে। সেই বাধ্যবাধকতা খণ্ডন করা হলে তা সংসদকে জানানো উচিত ছিল।”

তিনি বলেন, আগেও বিলের সঙ্গে আগের আইনের তুলনামূলক টেবিল দেওয়ার বিষয়ে স্পিকারের রুলিং ছিল। কিন্তু সাম্প্রতিক বিলগুলোর ক্ষেত্রে তারা সে ধরনের টেবিল পাচ্ছেন না।

জবাবে সভাপতির আসনে থাকা ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, এই বিলের ক্ষেত্রে সব পূর্বশর্ত পূরণ করা হয়েছে। ১৫ জুন নোটিস দেওয়া হয়েছে এবং ২৩ জুন বিল পাঠানো হয়েছে।

তিনি বলেন, “আমাদের কাছে যে রেকর্ড আছে, সেই রেকর্ড মোতাবেক তিন দিনের আগেই নোটিসগুলো দেওয়া হয়েছে এবং কপি দেওয়া হয়েছে।”

বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়, তারা বিলের কপি পাননি।

জবাবে ডেপুটি স্পিকার বলেন, রেকর্ড অনুযায়ী বিল টেবিলে উপস্থাপন করা হয়েছে; ভবিষ্যতে এ ধরনের অভিযোগ থাকলে তা বিবেচনা করা হবে।

পরে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বিলটি অধিকতর পরীক্ষার জন্য তিন বৈঠকি দিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার শর্তে বিশেষ কমিটিতে পাঠানো হয়।

এরপর পাবলিক এক্সামিনেশনস অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল, ২০২৬ উত্থাপন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বিলটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

বিল দুটি কমিটিতে পাঠানোর পর জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরী পয়েন্ট অব অর্ডারে কথা বলতে চান।

ডেপুটি স্পিকার বলেন, এ মুহূর্তে পয়েন্ট অব অর্ডার নেওয়া সম্ভব নয়। বিধি ৩০০ অনুযায়ী একটি বিবৃতি আছে জানিয়ে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিবৃতি দিতে আহ্বান জানান।

তখন মির্জা ফখরুল বলেন, “আপনাদের জন্য সুখবর আছে।”

ডেপুটি স্পিকার বিরোধী দলের সদস্যদের উদ্দেশে বলেন, “বিবৃতিটা হোক, তারপর। আপনারা এত অধৈর্য হয়ে যান!”

এ সময় বিরোধী দলের সদস্যদের বলতে শোনা যায়, “ওয়াকআউট করলাম।” এরপর তারা অধিবেশন কক্ষ থেকে বের হয়ে যান।

পরে মির্জা ফখরুল বলেন, তিনি সোমবার বিবৃতি দেবেন। এরপর ডেপুটি স্পিকার সংসদের বৈঠক সোমবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত মুলতবি করেন।

সংসদ থেকে বের হয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য নাজিবুর রহমান সাংবাদিকদের বলেন, বিরোধী দলকে সময় কম দেওয়া, সরকারি দলকে বেশি সময় দেওয়া, বিলের কপি আগে না দেওয়া এবং পয়েন্ট অব অর্ডারে কথা বলার সুযোগ না দেওয়ার প্রতিবাদে তারা ওয়াকআউট করেছেন।

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com