
পশ্চিমবঙ্গে বহুল আলোচিত বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে গতকাল বুধবার (২৯ এপ্রিল)। এখন অপেক্ষা গণনার। আগামী ৪ মে হবে ভোট গণনা। সেদিন নিশ্চিতভাবে জানা যাবে কার মুখে ফুটছে শেষ হাসি।
তবে এরই মধ্যে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে বুথফেরত জরিপের ফল আসতে শুরু করেছে। তাতে অবশ্য মিশ্র ধারণাই মিলছে। কারও জরিপ বিজেপির পক্ষে, কেউ আবার তৃণমূল কংগ্রেসের পক্ষে জয়ের ইঙ্গিত দিচ্ছে।
রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দাবি, এবার তারা আগের তুলনায় বেশি আসন নিয়ে চতুর্থবারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে চলেছে এবং মমতা ব্যানার্জী চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী হতে চলেছেন। তবে রাজ্যে নিশ্চিতভাবে ক্ষমতার পালাবদল হতে যাচ্ছে বলে বিশ্বাস করে বিরোধী দল বিজেপি।
এবার দুই দফায় রাজ্যের ২৯৪ আসনে ভোট হয়েছে। ক্ষমতায় যাওয়ার জন্য ম্যাজিক ফিগার ১৪৮ আসন।
চাণক্য নামে একটি বেসরকারি সংস্থার বুথফেরত জরিপ বলছে, এবারের নির্বাচনে তৃণমূল ১৩০ থেকে ১৪০ আসন, বিজেপি ১৫০ থেকে ১৬০ আসন, অন্যরা ছয় থেকে ১০ আসন পেতে পারে।
‘পোল অব এক্সিট পোলস’র বুথফেরত জরিপ অনুযায়ী, শাসক দল তৃণমূল পেতে পারে ১৪৪ আসন, বিজেপি পেতে পারে ১৪৩ আসন, কংগ্রেস দুটি আসন পেতে পারে।
‘পি মার্ক’র সমীক্ষা অনুযায়ী, তৃণমূল কংগ্রেস ১১৮ থেকে ১৩৮ আসন, বিজেপি ১৫০ থেকে ১৭৫ আসন, অন্যরা দুই থেকে ছয় আসনে জয় পেতে পারে।
বেসরকারি সংস্থা ম্যাট্রিজের সমীক্ষা অনুযায়ী, তৃণমূল ১২৫ থেকে ১৪০ আসন, বিজেপি ১৪৬ থেকে ১৬১ আসন, অন্যরা ছয় থেকে ১০ আসনে জয় পেতে পারে।
বাংলা৭১নিউজ/এবি