শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান

বাংলা৭১নিউজ ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

চার সপ্তাহের বেশি সময় ধরে চলা যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। দেশটির জ্যেষ্ঠ কিছু সূত্র কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে যুক্তরাষ্ট্রের ওই প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আল-জাজিরার প্রতিনিধি ওসামা বিন জাভাইদ বলেছেন, ‘‘আমরা এখন নিশ্চিত করতে পারি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দেওয়া একটি নথি পাকিস্তানের পক্ষ থেকে ইরানের কাছে উপস্থাপন করা হয়েছে বলে পাকিস্তানের একাধিক জ্যেষ্ঠ সূত্র আল জাজিরাকে জানিয়েছেন। এখন এই প্রস্তাবে তেহরানের জবাবের অপেক্ষায় আছেন তারা।

এমনকি আগামী কয়েক দিনের মধ্যে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মাঝে একটি বৈঠকের সম্ভাবনাও রয়েছে।

• যুদ্ধবিরতির শর্ত দিয়েছে ইরান 

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির জন্য কিছু শর্ত ইতোমধ্যে নির্ধারণ করেছে ইরান। দেশটির ক্ষমতাসীন সরকারের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

যেসব শর্ত দিয়েছে ইরান : 

• গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে; তার ক্ষতিপূরণ দিতে হবে।

• হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণ থাকবে।

• যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এই মর্মে প্রতিশ্রুতি দিতে হবে যে ভবিষ্যতে ইরানকে লক্ষ্য করে আর কোনো হামলা হবে না।

• ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর বিধিনিষেধ আরোপ করা যাবে না।

ইরানের এসব শর্তকে দেশটির সরকারের একটি কঠোর দর কষাকষির মনোভাবের ‘প্রতিফলন’ বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, সংঘাত নিরসনের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকার মধ্যেই ইরান ‘বড় ধরনের ছাড়’ চাইছে। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। কিন্তু মন্ত্রণালয়ের কোনও কর্মকর্তা তাৎক্ষণিকভাবে মন্তব্য জানাতে রাজি হননি।

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com