শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

মে থেকে দেশজুড়ে শুরু হবে বৃক্ষরোপণ কর্মসূচি : পরিবেশমন্ত্রী

বাংলা৭১নিউজ, ঢাকা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

আগামী মে মাস থেকে দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। 

বৃহস্পতিবার সচিবালয়ে তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সভায় জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচিও আলোচিত হয়।

মন্ত্রী জানান, সরকারের ইশতেহার অনুযায়ী প্রতি বছর পাঁচ কোটি করে মোট ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে থাকা চারা ব্যবহার করা হবে। পাশাপাশি প্রয়োজন হলে বেসরকারি নার্সারি থেকেও চারা সংগ্রহ করা হবে।

তিনি বলেন, বৃক্ষরোপণ কার্যক্রম মে মাসের মধ্যে শুরু করতে হবে, কারণ জুলাইয়ের পর রোপণের উপযুক্ত সময় থাকে না। চলতি বছরে পাঁচ কোটি চারা পুরোপুরি প্রস্তুত না থাকলেও আগামী বছর তা পুষিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

গাছ লাগানোর স্থান সম্পর্কে মন্ত্রী জানান, চরাঞ্চল, নদীর দুই তীর ও বাঁধ, সড়কের পাশ, পার্বত্য অঞ্চল, ম্যানগ্রোভ এলাকা ও লবণাক্ত অঞ্চল। এমন ৭ থেকে ৮টি অগ্রাধিকারভিত্তিক এলাকায় বৃক্ষরোপণ করা হবে।

মন্ত্রী বলেন, ‘আমাদের লক্ষ্য প্রতি বছর পাঁচ কোটি বৃক্ষরোপণ। এ বছর কিছু ঘাটতি থাকলেও আগামী বছর তা পুষিয়ে নেওয়া হবে।’

বাংলা৭১নিউজ/এবি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2015-2026
Theme Dwonload From ThemesBazar.Com