ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় তারকা রজনীকান্ত। দীর্ঘ অভিনয়জীবনে খ্যাতি ও সাফল্য পেলেও এখনো তার মনে পড়ে বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করার দিনগুলো।
শুধু স্মৃতিচারণাই নয়, অভিনেতা জানিয়েছেন, অভিনয়কে ভালোবাসলেও বাসের কন্ডাক্টরের কাজ তার কাছে ছিল আরো বেশি প্রিয়।
আসন্ন সিনেমা জেলার ২-এর প্রচার অনুষ্ঠানে নিজের জীবনের শুরুর দিকের কথা বলতে গিয়ে এ কথা জানান ৭৫ বছর বয়সী রজনীকান্ত। বেঙ্গালুরুতে বাসের কন্ডাক্টর হিসেবে কাটানো পাঁচ বছরকে জীবনের বিশেষ সময় বলে উল্লেখ করেন তিনি।
রজনীকান্ত বলেন, ‘আমি অবশ্যই অভিনয় ভালোবাসি।
কিন্তু বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করাটা আরো বেশি ভালোবাসতাম। সেই পাঁচ বছর সত্যিই দারুণ ছিল। এখনো সেই দিনগুলো খুব মনে পড়ে।’
খ্যাতি ও তারকাখ্যাতির সঙ্গে নিজেকে পুরোপুরি মানিয়ে নিতে পারেন না বলেও জানান এই অভিনেতা।
তার ভাষ্য, এখনো নিজেকে বাসের কন্ডাক্টর হিসেবেই ভাবতে ভালো লাগে। এ কারণেই মাঝেমধ্যে বেঙ্গালুরুতে যান তিনি। সেখানে বাসটি দেখলে তার ভালো লাগে। আর কন্ডাক্টরের খাকি পোশাক দেখলে অজান্তেই চোখে পানি চলে আসে।
কন্ডাক্টর থেকে সুপারস্টার
চলচ্চিত্রে অভিনয় শুরু করার আগে বেঙ্গালুরু ট্রান্সপোর্ট সার্ভিসে বাসের কন্ডাক্টর হিসেবে কাজ করতেন রজনীকান্ত।
পরে অভিনয়ে এসে নিজস্ব স্টাইল, পর্দায় উপস্থিতি ও অভিনয়দক্ষতা দিয়ে জায়গা করে নেন দর্শকের মনে। একসময় পরিণত হন ভারতীয় সিনেমার অন্যতম বড় তারকায়।
তবে এত সাফল্যের পরও জীবনের শুরুর দিনগুলোর প্রতি তার টান যে কমেনি, সাম্প্রতিক বক্তব্যে তা আবারও স্পষ্ট হয়েছে।
১৫ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘জেলার ২’
এদিকে রজনীকান্ত অভিনীত জেলার ২ সিনেমাটির হিন্দি সংস্করণও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতারা। আগামী ১৫ অক্টোবর হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালম ও কন্নড় ভাষায় মুক্তির কথা রয়েছে সিনেমাটির।
নেলসন দিলীপকুমার পরিচালিত অ্যাকশনধর্মী সিনেমাটিতে রজনীকান্তকে আবারও অবসরপ্রাপ্ত জেলর টাইগার মুথুভেল পান্ডিয়ানের চরিত্রে দেখা যাবে। এতে আরও অভিনয় করেছেন মোহনলাল, শিব রাজকুমার, জ্যাকি শ্রফ, মিঠুন চক্রবর্তী, বিদ্যা বালান, এস জে সূর্য ও সুরজ ভেঞ্জারামুডু। সিনেমাটি প্রযোজনা করেছে সান পিকচার্স। সংগীত পরিচালনায় রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর।
বাংলা৭১নিউজ/আরএইচ





























