রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদার দাবিতে অটোরিকশা গ্যারেজে ঢুকে সাগর খান ওরফে ইমরান (৩৮) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন আসামির তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— রিয়াজুল ইসলাম রিয়াজ ওরফে কালিয়া রিয়াজ (৩১), মো. কামরুল হাসান (২৫) ও মো. সাইফুল হোসেন (২০)। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক খন্দকার সালেহ আবু নাঈম আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড আবেদন করেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, দুই লাখ টাকা চাঁদা দাবিকে কেন্দ্র করে প্রধান আসামি রিয়াজুল ইসলাম রিয়াজ ও কামরুল হাসানের সঙ্গে নিহত সাগর খানের বিরোধ চলছিল। এর জেরে গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১০টার দিকে রিয়াজ ও কামরুলসহ কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে ইমরানের গ্যারেজে চড়াও হন।
এ সময় গ্যারেজের ভেতরে ঢুকে তারা এলোপাতাড়ি গুলি ছোড়েন। একপর্যায়ে রিয়াজ পেছন থেকে ইমরানের মাথায় গুলি করলে তিনি লুটিয়ে পড়েন। বাধা দিতে গেলে ইমরানের বন্ধু সাদ্দামকে মারধর করা হয়। সাদ্দাম পালানোর চেষ্টা করলে রিয়াজ তার বাম পায়ে গুলি করেন এবং অন্য আসামিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন।
পরে স্থানীয়রা দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন। হামলায় আহত সাদ্দামকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
মামলার এজাহারে আরো উল্লেখ করা হয়, হামলাকারীরা যাওয়ার সময় ইমরানের কাছ থেকে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল এবং সাদ্দামের কাছ থেকে নগদ ৬৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৭ সেপ্টেম্বর যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাংলা৭১নিউজ/আরএইচ


























